সহিংসতা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন
চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটসংলগ্ন জুবলী সড়কের ওপর গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, গর্জে ওঠো বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মানববন্ধন চলাকালে উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউল ইসলামের সভাপতিত্বে চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, মুন্সিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সিপিবি মুন্সিগঞ্জ জেলার সভাপতি শ ম কামাল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ টি এম দেলোয়ার হোসেন, ক্যাব মুন্সিগঞ্জের সভাপতি জাহাঙ্গীর সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।