বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গতকাল সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপকে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দেওয়া এ বিবৃতি ঢাকার চীনা দূতাবাস থেকে গত রাতে গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে চীনের রাষ্ট্রদূত লি জুন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এমন একটি পরিস্থিতিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন করাসহ সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানাই।’ তিনি বলেন, বাংলাদেশের বন্ধু হিসেবে চীন প্রধান রাজনৈতিক দলগুলোকে এ ধরনের ইতিবাচক অগ্রগতি অব্যাহত রাখার জন্য সব ধরনের চেষ্টা চালাতে প্রেরণা জোগাবে। পাশাপাশি জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের লক্ষ্যে দলগুলোকে সংঘাতের পরিবর্তে রাজনৈতিক প্রজ্ঞা ব্যবহারের মাধ্যমে নিকট ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের সর্বসম্মত উপায় খুঁজে নিতে উৎসাহ জুগিয়ে যাবে।
এদিকে চলমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে গতকাল ঢাকায় কূটনীতিকদের কয়েকটি বৈঠক হয়েছে। এর মধ্যে সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেন।
বিকেলে ড্যান মজীনার বাসায় যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। ড্যান মজীনা গত শনিবার দিল্লি থেকে ফেরেন। তিনি ২৩ অক্টোবর তিন দিনের সফরে দিল্লি যান। যাওয়ার আগের দিনও তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন। মজীনা তাঁর দিল্লি সফরে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংসহ সে দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।
এ ছাড়া গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেন বলে জানা গেছে।