সহিংসতা বেড়ে যাওয়ায় জাপানের গভীর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাতমূলক রাজনীতির কারণে বাংলাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। দেশটি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ উপায়ে ও সংলাপের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।শিরো সাদোশিমা বলেন, সংঘাতময় রাজনীতির কারণে সৃষ্ট সহিংসতা ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় অকারণে অনেককে প্রাণ দিতে হচ্ছে, অনেকে আহত হচ্ছে, ট্রেন ও গাড়ির মতো সম্পদ ধ্বংস করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি মনে করেন, এই পরিস্থিতি জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।বিবৃতিতে জাপানের রাষ্ট্রদূত বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। তবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে, এমন কোনো পদক্ষেপের যৌক্তিকতা দাবি করাটা ঠিক হবে না। তিনি আরও বলেন, ‘এই প্রেক্ষাপটে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও জনগণকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে বতর্মান সংঘাত থেকে পরিত্রাণ খুঁজে নেওয়ার অনুরোধ জানাই।’বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে গত ছয় মাসে দ্বিতীয়বারের মতো প্রতিক্রিয়া জানাল জাপান। এর আগে গত ১৭ ডিসেম্বর জাপান দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। ওই বিবৃতিতেও সহিংসতায় নিরীহ লোকজনের ওপর হামলায় জাপানের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।