দশম জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে রংপুর বিভাগে। রক্তক্ষয়ী সহিংসতার মধ্য দিয়ে গতকাল রোববার এ বিভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত থেকেই ওই সব এলাকায় সহিংসতা শুরু হয়। ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর ও আগুন দিয়ে নির্বাচনবিরোধীরা সহিংসতা শুরু করে। অনেক স্থানে প্রিসাইডিং কর্মকর্তারা হামলার শিকার হন। বিভিন্ন কেন্দ্রে চলে পেট্রলবোমা ও ককটেল হামলা। ভোট দিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন জামায়াত-শিবিরের হামলার শিকার হয়েছেন। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবিরের কর্মী, বিএনপি কর্মী ও আনসার সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের-৬ আসনের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় ছয়টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও তিনটিতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন গুলিবিদ্ধ ছাড়াও পাঁচজন আহত হয়েছেন। দুই উপজেলার সাতটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
ইউএনও তবিবুর রহমান জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলার কুমড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে কুমড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদায়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুগলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘোড়াঘাট দাখিল মাদরসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে বিদ্যালয়ের আসবাব ও ভোটের সরঞ্জামে অগ্নিসংযোগ করে। উদয়ধুলে পুলিশের গুলিতে শিবিরের কর্মী মাহবুবুর রহমান ও গোলাম মওলা আহত হন। এসব হামলা ও ভাঙচুরের ঘটনায় নারী আনসার সদস্য মমতাজ বেগম আহত হয়েছেন। এ ছাড়া কৃষ্ণরামপুর মাদরাসায় দুর্বৃত্তরা হামলা চালালে আওয়ামী লীগ কর্মীদের পাল্টা হামলায় শিবিরের তিন কর্মী আহত হন।
কুড়িগ্রাম: জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, কুড়িগ্রাম-১ আসনের অন্তর্ভুক্ত চরভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে একটি ভোট বাক্স ছিনিয়ে নেয়। এ সময় তাদের হামলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার আহত হন। বেলা একটার দিকে নেওয়াশী ইউনিয়নের ঘরজ্জেয়াটারী ভোটকেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ১৮ দল কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক ইউপি সদস্য ফরিদা বেগম ও তাঁর স্বামী রোস্তম আলীও রয়েছেন। ভূরুঙ্গামারী আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর দুটি পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।
দিনাজপুর: জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দিনাজপুর ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সাংসদ মনোরঞ্জনশীল গোপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওয়ার্কার্স পার্টির আবদুল হক। আবদুল হক হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের হামলায় এই আসনের বীরগঞ্জ উপজেলার ৮০টি কেন্দ্রের ৪০টিতেই ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। আবদুল হক জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ৬০টি কেন্দ্র জামায়াত-বিএনপির ক্যাডারদের হামলার শিকার হয়। মনোরঞ্জনশীল গোপাল দাবি করেন, কাহারোল উপজেলার ৪৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তাতে ৬০-৭০ ভাগ ভোট পড়েছে।
সৈয়দপুর (নীলফামারী): দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী (নৌকা) ও ওয়ার্কার্স পার্টির মো. এনামুল হক সরকার (হাতুড়ি)। স্থানীয় লোকজন জানান, চিরিরবন্দর উপজেলার হাশিমপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে। এ সময় ভোটারদের পাল্টা হামলায় লালমিয়া নামে বিএনপির এক কর্মী আহত হন। এমন পরিস্থিতিতে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। একই উপজেলার বিন্যাকুড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালালে বিজিবি কয়েকটি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় মেলেনি। এ ঘটনায় ওই কেন্দ্রেও ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। বড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল নয়টার দিকে সহকারী পোলিং কর্মকর্তা মনজেজা বেগম ও অপর একজন নারী দুর্বৃত্তর হামলায় গুরুতর আহত হয়েছেন। ওই কেন্দ্রেও ভোট স্থগিত করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, উপজেলার ৫২টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এদিকে বেলা দেড়টার দিকে ওই উপজেলার অকড়াবাড়ী বাজারে প্রায় অর্ধশত দোকানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাট-১ আসনের পাটগ্রাম উপজেলায় ঘন কুয়াশার মধ্যে চলছে ভোট গ্রহণ। উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি থাকলেও অধিকাংশ কেন্দ্রে তেমন ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়নি। জোংড়া ইউনয়নের ১ নম্বর জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় জবেদ আলী (৬৫) ও সাফিউল ইসলামকে কুপিয়ে আহত করেছেন শিবিরের কর্মীরা। এ সময় বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর গ্রামের মো. আলম (৩৫) ও একই গ্রামের আমিনুল ইসলামকে ককটেলসহ আটক করে পুলিশ। এদিকে মধ্যরাতে পাঁচটি কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় প্রিসাইডিং, সহ-প্রিসাইডিং কর্মকর্তা, আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।