সহিংসতা মত প্রকাশের মাধ্যম নয়: মজীনা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমি সব সময় বলে আসছি, সহিংসতা মোটেই গ্রহণযোগ্য নয়। সহিংসতা মত প্রকাশের কোনো মাধ্যমও নয়।’রাজধানীর আমেরিকান সেন্টারে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মজীনা এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল স্কট সুইফটের বাংলাদেশ সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি আশা করেন, জাতির মাঝে বিভক্তি সৃষ্টি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করবে এমন বিষয়ে বাংলাদেশের জনগণ নিজেদের কাজে লাগাবে। তিনি বলেন, ‘আমার মতে, জনগণের শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। তেমনি জনগণের একটি অংশের ভিন্নমতও শান্তিপূর্ণভাবে তুলে ধরার অধিকার রয়েছে। বাংলাদেশের জাদুই (ম্যাজিক) হচ্ছে, এটি একটি সহনশীল, উদারপন্থী এবং বহুমতের দেশ।’জানতে চাইলে সফররত স্কট সুইফট বলেন, ‘কোনো দেশের এ ধরনের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা মার্কিন বাহিনীর জন্য সমীচীন নয়। তবে মার্কিন নৌবাহিনী ও মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা সব সময় গণতান্ত্রিক নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে থাকি। আর গণতন্ত্রের মূল নির্যাসই হচ্ছে, সংলাপ ও আলোচনা।’স্কট সুইফট বলেন, ‘ব্যাপক অর্থেই আমরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় আগ্রহী।’ তিনি বলেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় করিডরের অংশ বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের মূল কারণ এ অঞ্চল বৈশ্বিক অর্থনীতির মূল কেন্দ্র। বাংলাদেশ কোস্টগার্ডের সফলতা হচ্ছে দেশের জলসীমায় জলদস্যুতা ও অপরাধমূলক তৎপরতা তারা সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় ৭০ শতাংশ কমাতে সমর্থ হয়েছে।বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপনে সপ্তম নৌবহরের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে মার্কিন এ নৌ-কর্মকর্তা নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, ঘাঁটি করার চেয়ে প্রশিক্ষণসহ অন্যান্য খাতে অর্থবহ সহযোগিতা জরুরি। এ জন্য নতুন করে কোথাও অবস্থানের যৌক্তিকতা নেই। সে ক্ষেত্রে নতুন ঘাঁটি হিতে বিপরীত হতে পারে।