সহিংসতা রোধে তরুণেরা

দেশজুড়ে সহিংস রাজনৈতিক তৎপরতা বন্ধে বিভিন্ন সংগঠন অনশন কর্মসূচি পালন করেছে। সংগঠনগুলো বলছে, দেশের মানুষ সুষ্ঠু রাজনীতি চায়। রাজনৈতিক সহিংসতায় দেশের মানুষ যে সংকটের মধ্যে রয়েছে, এটি বন্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অত্যন্ত জরুরি বলে মনে করে সংগঠনগুলো।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। সহিংস রাজনীতি বন্ধে তাঁরা ‘শান্তির জন্য মুক্তিযোদ্ধাদের অনশন’ ব্যানারে তিন দিনের অনশন কর্মসূচি পালন করছে। এ অনশন বুধবার শেষ হবে বলে জানানো হয়েছে।
এদিকে, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল তৃতীয় দিনের মতো অনশন করেছে জাগ্রত জনতা নামের সংগঠনটি। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনশনকারীদের মধ্যে উপস্থিত হয়ে তাঁদের ৫৮ ঘণ্টার অনশন ভাঙান। তিনিও সহিংস রাজনীতির প্রতিবাদ জানান। দেশে চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে এ সংগঠনটি গত শনিবার থেকে অনশন কর্মসূচি ও মানববন্ধন করছে। সংগঠনের আহ্বায়ক জাকিয়া কামাল প্রথম আলোকে বলেন, ‘অনেকেই আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।’
সহিংস রাজনীতির অবসান চেয়ে গতকাল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘অতিষ্ঠ জনগণ’ নামের একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। সংগঠনটির অন্যতম উদ্যোক্তা মাহ্রুখ মহিউদ্দীন জানান, তাঁরা সহিংস রাজনীতির বিরোধী। সহিংসতা বন্ধে তাঁরা ফেসবুকের ৩০ বন্ধু মিলে রাজধানীর হাতিরঝিল থেকে সহিংসতাবিরোধী প্ল্যাকার্ড নিয়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে তাঁদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে সহিংসতায় আহত ব্যক্তিদের সমবেদনা জানান।