সহিংসতা-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাজের জাতীয় সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, রাজনীতির আবরণে দেশে এখন জঙ্গি তৎপরতা চালাচ্ছে। সম্মেলনে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়।
সকাল ১০টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর অবরোধ-হরতাল-সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক কাজী খলীকুজ্জমান আহমদ। মূল বক্তব্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক নাগরিকেরা। তারা আজ ভয়াবহ সংকটে। অবরোধে সব শ্রেণী-পেশার মানুষ কষ্ট পাচ্ছে। পেট্রলবোমার আগুনে নারী-শিশুনির্বিশেষে সাধারণ মানুষ দগ্ধ হচ্ছেন। চোরাগোপ্তা হামলা, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলাসহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশে অস্থিরতা বিরাজ করছে। এমন সংকটময় মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সম্মিলিত নাগরিক সমাজ গঠন করা হয়েছে। এটি উম্মুক্ত নাগরিক মঞ্চ।
খলীকুজ্জমান আরও বলেন, ‘কারও মতে একটি নির্বাচন হলে, আবার কারও মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হলেই সংকট কেটে যাবে। কিন্তু দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে এবং চারটি সরকারই মেয়াদ পূর্ণ করেছে। কিন্তু পরাজিত দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গিয়ে রাস্তায় আন্দোলন করেছে এবং হিংসাত্মক কর্মসূচি চালিয়েছে। গত ২৫ বছরে সেই সহিংসতা সন্ত্রাসে রূপ নিয়েছে। রাজনীতির আবরণে এখন জঙ্গি তৎপরতা চলছে।’ স্বাগত বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি এ কে এম এ হামিদ।
সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি আবু উসমান চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্যই এই সহিংসতা। দ্রুত এই বিচারের রায় কার্যকর করতে হবে।’
অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ বলেন, ‘একাত্তরের আগুন আর আজকের আগুনের মধ্যে কোনো পার্থক্য নেই। সেদিন যারা তা করেছে, তারা রাজাকার। আর আজকে যারা করছে, তারা নব্য রাজাকার।’
৪২ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব ম হামিদ, নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, প্রকৌশলী এম এ কাশেম, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানুসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সমাবেশে বক্তব্য দেন।