সহিংসতা সৃষ্টির জন্য জড়ো হওয়ার অভিযোগে ২৬ জন আটক
বান্দরবানের থানচিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য জড়ো হওয়ার অভিযোগে ২৬ জন যুবককে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল রোববার তাঁদের আটক করেন। আজ এখানে ইউপি নির্বাচন।বলীপাড়া বাজারের দোকানি নীহার বিন্দু চাকমাসহ কয়েকজন জানান, গতকাল সকালে বলীপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ক্যসাউ মারমার বাড়িতে ৩৫-৪০ জন আদিবাসী যুবক জড়ো হয়েছিল। বিজিবি ২৬ জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।চেয়ারম্যান পদপ্রার্থী ক্যসাউ মারমা যুবকদের নিয়ে আসার কথা স্বীকার করে বলেন, তাঁকে নির্বাচনী কাজে সহযোগিতা করার জন্য রুমাসহ বিভিন্ন জায়গা থেকে আত্মীয়স্বজনদের নিয়ে এসেছিলেন। অপর চেয়ারম্যান পদপ্রার্থী বাশৈচিং মারমার ভিত্তিহীন অভিযোগে বিজিবি তাদের আটক করেছে। চেয়ারম্যান পদপ্রার্থী বাশৈচিং মারমা বলেন, ক্যসাউ ভোটকেন্দ্র দখলের জন্য বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসেন। বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমেন চৌধুরী বলেন, নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য জড়ো হওয়ার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে হস্তান্তর করা হবে।এদিকে রুমা উপজেলার গালেংগ্যা ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী শান্তিহা ত্রিপুরা তাঁকে ভোট না দেওয়ায় বলীপাড়া বাজারে আসা কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনা জানাজানি হলে বিভিন্ন পাড়া থেকে ৩০-৩৫ জন লোক বাজারে এসে শান্তিহা ত্রিপুরাকে পিটুনি দেয়। এ সময় বিজিবি এসে শান্তিহাসহ ১৯ জনকে আটক করে নিয়ে যায়। বিজিবির কর্মকর্তারা জানান, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় আটক ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।