সহিংসতাকারী বড় নেতা হলেও আইনের আওতায়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সহিংসতাকারী ও জনগণের জানমাল নষ্টকারীরা যত বড় নেতাই হোন, তাঁদের আইনের আওতায় আনা হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এ মন্তব্য করেন।
আগামীকাল রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালে ঢাকা মহানগর আওয়ামী লীগের করণীয় বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যাদের নির্দেশে সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে, তাদের আইনের আওতায় আনা কী অপরাধ? সহিংসতাকারী যত বড় নেতাই হোক, জাতীয় শৃঙ্খলার স্বার্থে তাদের গ্রেপ্তার করা হবে।’ তিনি অভিযোগ করেন, ৭২ ঘণ্টার হরতাল দিয়ে বিরোধী দল নির্বাচন ও যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায়। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে জামায়াতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বিএনপি। ৩০ লাখ মানুষের রক্তে গড়া বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে যেন কেউ পরিণত করতে না পারে, এজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পাষাণ খালেদা, আপনার আর কত লাশের প্রয়োজন? কত লাশ হলে আপনি সহিংসতা বন্ধ করবেন?’
সহিংসতা করলে সরকার আরও কঠোর অবস্থান যাবে উল্লেখ করে নানক বলেন, ‘যারা ঘরে বসে সহিংসতার নির্দেশ দিচ্ছিল, জনশৃঙ্খলার স্বার্থে তাদের গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিরোধী দলের নেতারা যেন সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করতে না পারেন, সেজন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।