মিসর ও ফিলিস্তিনের মতো ইসলািম সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলো চলমান কর্মকাণ্ডের জন্য দায়ী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। বাংলাদেশ সরকার এ ধরনের পদক্ষেপ নিলে তারা এ উদ্যোগে সমর্থন দেবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল মঙ্গলবার ওআইসি, আসিয়ান ও সার্কভুক্ত কূটনীতিকদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
সরকারের এক বছরের কূটনৈতিক কর্মকাণ্ড ও চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার অংশ হিসেবে মাহমুদ আলী গতকাল দুপুরে ও বিকেলে দুই দফায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন। এরপর সন্ধ্যায় ওই ব্রিফিং সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গতকালের দুটি ব্রিফিংয়ে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ফিলিস্তিনের কূটনীতিককে উদ্ধৃত করে সাংবাদিকদের যা বলেছেন, তার সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ। সন্ধ্যায় গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বাসায় দেশটির জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে শায়ের মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। আমি রাজনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের কথা বলেছি। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশ ও ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করার কথা বলেছি।’
ওই একই অনুষ্ঠানে মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের দেশে সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তাদের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই আমি বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে এ বিষয়টি তুলেছি। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলেছি। আমরা আশা করি, এ ধরনের পরিস্থিতিতে মিসরে যে ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এখানেও এ ব্যবস্থা নেওয়া হোক।’
তিনি ছাড়া অন্য কেউ এ ধরনের কথা বলেছেন িক না, জানতে চাইলে মাহমুদ ইজ্জাত বলেন, ‘ব্রিফিংয়ে শুধু আমি এ নিয়ে কথা বলেছি।’
এদিকে মাহমুদ আলী তাঁর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, ওআইসি দেশভুক্ত কূটনীতিকেরা একবাক্যে স্বীকার করেন, যারা গণবিরোধী তৎপরতা চালায়, নিরীহ মানুষের ওপর বোমা হামলা করে, তাদের নিষিদ্ধ করা দরকার। এ ধরনের কর্মকাণ্ডে এসব দেশ বাংলাদেশ সরকারকে সমর্থন করবে।
ওআইসির কূটনীতিকেরা সহিংসতার সঙ্গে যুক্ত সুনির্দিষ্ট কোনো সংগঠনের কথা বলেছেন িক না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি, এটা খুব পরিষ্কার। ইউরোপীয় পার্লামেন্ট তো নাম দিয়েছে।’
প্রসঙ্গত, গত বছরের ১৬ জানুয়ারি ও ১৮ সেপ্টেম্বরের দুটি প্রস্তাবে বাংলাদেশে সহিংস ও সন্ত্রাসী তৎপরতার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে অভিযুক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গতকালের ব্রিফিংয়ে কূটনীতিকেরা তাঁদের ওপর হামলার প্রসঙ্গটি তোলেন।
এদিকে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে আরব িলগের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি বলে ওআইসি ও মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকেরা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তাঁদের কেউ কেউ চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিেযাগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হলে এ প্রক্রিয়ায় সমর্থন দেবেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে সোমবার পর্যন্ত সারা দেশে পেট্রলবোমা ও আগুনে ১২ জনসহ ২৮ জন নিহত হয়েছে। এ সময় ৬০৯ যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ৬ জানুয়ারি থেকে এ অবরোধ চলছে।