সহিংসতায় জড়িতদের শাস্তির দাবি ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান সহিংসতায় জড়িত লোকদের খুঁজে বের করে সুষ্ঠুভাবে বিচার করা উচিত। আর সহিংসতায় শিকার হওয়া লোকজনের ন্যায়বিচার পাওয়া উচিত।
বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিনটি উপকমিটির বৈঠকের পর গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে ইইউ এ মন্তব্য করেছে। এতে বলা হয়, রাজনৈতিক উত্তেজনা কমাতে আইনের শাসন সমুন্নত রাখা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা যে মূল বিষয়, সে ব্যাপারে দুই পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে।
উপকমিটির বৈঠকে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকার (৬৯০ মিলিয়ন ইউরো) নতুন অনুদান চূড়ান্ত করা হয়। গণতান্ত্রিক সুশাসন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অনুদানের টাকা খরচ করা হবে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকায় সুশাসন, মানবাধিকার ও অভিবাসন; বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা—এই তিনটি বিষয়ে উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে ইইউর ২০০১ সালে সই হওয়া সহযোগিতা চুক্তির রূপরেখা অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়।