
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সংঘাত ও সহিংসতার শঙ্কাই শেষ পর্যন্ত সত্য হয়েছে। পঞ্চম ধাপের এই নির্বাচনে গতকাল শনিবার কুমিল্লায় এক চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচ জেলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে তিনজন, চট্টগ্রামের পটিয়ায়
তিনজন, নোয়াখালীতে দুজন এবং পঞ্চগড়ে একজন নিহত হন। এ ছাড়া নড়াইলে গত ১৮ এপ্রিল আহত পুলিশ কনস্টেবল গতকাল ঢাকায় মারা গেছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩।
গতকালের নির্বাচনে সহিংসতা ও সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তির সংখ্যা প্রায় ৬০০। জাল ভোট, কেন্দ্র দখল এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাঁরা আহত হন। কেউবা আহত হয়েছেন ভোট দিতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে।
পঞ্চম দফায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন ৫০টি ইউনিয়ন পরিষদের ১২০টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে। এগুলোর মধ্যে নোয়াখালীতে স্থগিত ভোটকেন্দ্রের সংখ্যা ৮১। গতকাল ৭১৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ৪ জুন শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে হত্যা: জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বেলা তিনটার দিকে বলরামপুর ইউনিয়নের নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিনের বড় ভাই মোজাম্মেল হক এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি-মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মদ ভূঁইয়া, তিতাস উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার ও আবদুল মতিনকে দায়ী করেন।
জামালপুরে নিহত ৩: জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মো. শাকিরুজ্জামান রাখাল ও বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান মিয়ার সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়ার আফজাল শেখের ছেলে মাজেদ মিয়া (১৪), একই এলাকার নূর ইসলাম (৫৫) ও কুতুবের চর গ্রামের জিয়া (৩২)।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালান। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য, আনসারের তিন সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। নিহত কিশোর মাজেদের চাচা কালাম মিয়া বলেন, তাঁর ভাতিজা ভোট দেখার জন্য ওই কেন্দ্রে যায়। সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।
পটিয়ায় সদস্য প্রার্থীসহ তিন খুন: চট্টগ্রামের পটিয়ায় তিনজন নিহত হয়েছেন। বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ইয়াসিনকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য পুলিশ বলছে, নির্বাচনী সংঘর্ষে তিনি নিহত হন। বেলা দেড়টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুপুর ১২টার দিকে পটিয়া আশিয়া ইউনিয়নের আছদ আলী ফকির মাজার-সংলগ্ন শাহ আমানত হেফজখানা ও এতিমখানার বাইরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাবুল শীল (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর ছেলে জিতেন্দ্র শীল বলেন, তাঁর বাবা ইউপি সদস্য প্রার্থী সৈয়দ নুরুল করিমের পক্ষে কাজ করায় তাঁকে মারধর করা হয়। এ ছাড়া ভোট দিতে যাওয়ার সময় নির্বাচনী সংঘর্ষে পড়ে আহত রিকশাচালক মোহাম্মদ হোসেন (৬০) গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এদিকে পশ্চিম পটিয়ায় চরপাথরঘাটা ইউনিয়নে সরকারদলীয় বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনের প্রার্থী ছাবের আহমেদ ভোটকেন্দ্রের বাথরুমে ঢুকে নৌকা প্রতীকে সিল মারার সময় ৪০০ ব্যালটসহ পুলিশ তাঁকে আটক করে।
পঞ্চগড়ে নিহত ১: সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের জোতদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রাত পৌনে ১০টার দিকে বিজয়ী ইউপি সদস্য তরিকুল ইসলাম ও তাঁর পরাজিত প্রতিপক্ষ আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে নাসির উদ্দীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ সময় আনসার সদস্য, নারীসহ আহত হয়েছেন আরও ১২ জন। নিহত নাসির উদ্দীন ওই ইউনিয়নের কোরিয়াপাড়া এলাকার মৃত ফাগু মোহাম্মদের ছেলে।
নোয়াখালীতে বৃদ্ধ ও কিশোরের মৃত্যু: জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে দুজন মারা গেছেন। রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ (৬৫) মারা যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ধাওয়া দেয়। ওই কেন্দ্রে ভোট দিতে আসা সৈয়দ আহম্মেদ ধাওয়ার মধ্যে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া এ ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর মো. শাকিল (১৬)।
আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফোরকান মোল্লা এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গত ১৮ এপ্রিল আহত হয়েছিলেন পুলিশ কনস্টেবল গোলাম ফারুক। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নড়াগাতী থাকার ওসি মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত ৫৭৩: প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কমপক্ষে ৫৭৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ১১টি ইউনিয়নে হামলা ও সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে ৩০, চাঁদপুরের কচুয়ায় ৫০, ফরিদপুরের ভাঙ্গায় ৩০, নোয়াখালীর সেনবাগে ৩০, জামালপুরের সরিষাবাড়ীতে ৪০ ও দেওয়ানগঞ্জে ৩০, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০, চট্টগ্রামের পটিয়ায় ৩০, নোয়াখালীর বেগমগঞ্জে ৫০ জন আহত হয়েছেন।
ইউপি নির্বাচনের প্রথম চার ধাপের তুলনায় পঞ্চম ধাপে সহিংসতা বাড়লেও অনিয়ম কম হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। পঞ্চম ধাপের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, জাল ভোট-কারচুপি রোধের বিষয়ে উন্নতি হয়েছে; কিন্তু আগের চেয়ে সহিংসতা বেড়েছে।
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রাথমিক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, নির্বাচন কমিশন তুলনামূলক ভালো নির্বাচনের প্রত্যাশা করলেও নির্বাচনের পরিবেশ প্রত্যাশিত মাত্রায় উন্নতি হয়নি। চতুর্থ ধাপের তুলনায় এই ধাপের মান নিম্নগামী। দলীয় নির্বাচনে বিদ্রোহীদের কারণে গোলযোগ বেশি হয়েছে বলে ব্রতী মত দিয়েছে।
তবে কেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগ করে বিএনপি বলেছে, এই নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের ক্যাডারের মতো আচরণ করেছেন। ভোটারদের নিজের ভোটটি নির্ভয়ে-নির্বিঘ্নে-নির্ঝঞ্ঝাটে দেওয়ার পরিবেশ এখন ইতিহাসের পাতায় চলে গেছে।
অবশ্য সরকারি দল আওয়ামী লীগ বলেছে, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা’ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অংশ নিয়েছে।