সহিংসতায় স্বামী হারিয়ে যাঁরা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মাস ১০ দিন। ফালমাতা গানা বাড়ি ছেড়ে যাননি কোথাও। মুখে মাখেন না কোনো প্রসাধন, সুগ​ন্ধি কোনো সাবান দিয়ে গোসলও করেন না। চুলেও দেন না সুগন্ধি তেল। কেনেননি নতুন কোনো কাপড়।

দুই বছরের বেশি সময় আগে স্বামীকে হারিয়েছেন। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না ফালমাতা।

ফালমাতা বলেন, ‘আমি ওকে মরতে দেখিনি। অন্যের কাছে হত্যার বিবরণ শুনেছি।’

২০১২ সালের এক সন্ধ্যায় বাড়ি থেকে ফালমাতার স্বামীকে ধরে নিয়ে যায় বোকো হারামের জঙ্গিরা। এরপর তাঁকে গুলি করে হত্যা করে।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর দিনই প্রথম স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। আর ফেরেননি। তিন বছর ধরে ফালমাতা নিজের সন্তান ও সতিনের ঘরের ছেলেমেয়েসহ ১১ সন্তানের লালন-পালন করে যাচ্ছেন। ছোট্ট একটি ঘরের মাসিক ভাড়া সাত ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৬০ টাকা। ভাড়া আর সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। স্কুল থেকে সন্তানেরা খুপরি ঘরটিতে ফিরে যখন মায়ের কাছে খাবার চায়, তখন ফালমাতা ঘরে থাকা কৌটাগুলো নেড়েচেড়ে দেখেন। কিন্তু প্রায়ই তাঁকে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়।

ফালমাতার মতো ওয়াসারাম মুহাম্মেদও স্বামীকে হারিয়েছেন কয়েক বছর আগে। তিনি বলেন, কয়েক বছর আগে নাইজেরিয়ার সেনারা একটি মসজিদে ঢুকে বোকো হারামের সদস্য মনে করে অনেক লোককে ধরে নিয়ে যায়। এর মধ্যে তাঁর স্বামীও ছিলেন। সেনারা তাঁদের গিওয়া ব্যারাকে নিয়ে যায়। সেখানে তিন দিন পর তাঁর স্বামী মারা যান।

নাইজেরিয়ার বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি। সেখানে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের উৎপত্তি এবং ছয় বছর ধরে চলা জঙ্গি তৎপরতার কেন্দ্রস্থল। ২০০৯ সালে সরকারের বিরুদ্ধে বোকো হারাম যুদ্ধে স্বামী হারিয়েছেন পাঁচ হাজারের বেশি নারী।

এসব বিধবাকে নিয়ে মাইদুগুরিতে কাজ করছে ন্যাশনাল কাউন্সিল অব উইমেন সোসাইটি। বর্তমানে তাদের কাছে ৫ হাজার ৪১৮ জন বিধবার নাম নিবন্ধিত রয়েছে। তাঁদের বেশির ভাগেরই স্বামী বোকো হারামের জঙ্গিদের হাতে, নিরাপত্তা বাহিনী বা বেসামরিক অস্ত্রধারীদের হাতে প্রাণ হারিয়েছেন।

উত্তর নাইজেরিয়ার রক্ষণশীল ইসলামিক সমাজে নারীদের মর্যাদা মূলত নির্ভর করে বিয়ের ওপর। ন্যাশনাল কাউন্সিল অব উইমেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট রাবি ইসমাইল বলেন, এখানকার লোকজনের কাছে একজন অবিবাহিত বা একজন বিধবার চেয়ে বিবাহিত নারীর গুরুত্ব বেশি। যার অর্থ যিনি স্বামী হারিয়েছেন, তাঁকে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। নিজের পাশাপাশি সন্তানদেরও ভরণপোষণের ব্যবস্থাও সেই স্বামীহারা নারীটিকেই করতে হয়।

অনেক বিধবা নারী রাস্তায় শিমের পিঠা বিক্রি করেন। আবার অনেকে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করেন। রাবি বলেন, ‘আমরা এমন অনেক নারীকে তাঁদের সন্তানদের নিয়ে রাস্তায় কাঁদতে দেখেছি। কারণ জানতে গেলে তাঁরা বলেন স্বামী নেই।’

তবে ফালমাতা, ওয়াসারামের মতো এ বিধবা নারীদের দিন হয়তো কিছুটা বদলাবে। তাঁদের নিজের পায়ে দাঁড়াতে আর্থিক সহায়তা দিতে মুসলিম বিধবা অ্যাসোসিয়েশন ২০১৪ সালের জানুয়ারি থেকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) সঙ্গে কাজ করে যাচ্ছে।

নুডলস, আচার বিক্রি করে, জামা সেলাই করে সংসার চালাচ্ছেন ফালমাতা। এর মধ্যে মুসলিম বিধবা অ্যাসোসিয়েশনে তাঁর নাম নিবন্ধন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তিনি মাসিক ১২ কেজি চাল, ১২ কেজি বজরা, ১২ কেজি ভুট্টা ও পাঁচ কেজি শিম পাবেন। আর নগদ অর্থ সহায়তা দিয়ে তিনি আরও বেশি খাবার তৈরি করে বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

ফালমাতার মতো নুডলস বিক্রি করে আট সন্তান নিয়ে সংসার চালান ওয়াসারাম। তিনিও এখন আইসিআরসির দেওয়া অর্থে সেলাই মেশিন কিনতে চান।

মাইদুগুরির ন্যাশনাল কাউন্সিল অব উইমেন সোসাইটিজের ভাইস প্রেসিডেন্ট রাবি ইসমাইল বলেন, যেসব গ্রাম বোকো হারামদের দখলমুক্ত করা হয়েছে, সেসব গ্রামে যদি এখন বিধবারা ফিরেও যায়, তাহলে সেখানে গিয়ে তারা কিছুই পাবে না। সেখানে তাদের বাড়িঘর, খামার সব ভেঙে দেওয়া হয়েছে। তাদের সন্তানেরা কোথায় থাকবে?

গত বছর বামা শহরে যখন হামলা চালায় বোকো হারাম, তখন সেখান থেকে পালিয়ে ছয় সন্তান ও স্বামী নিয়ে মাইদুগুরিতে চলে আসেন বিনতু তিজানি। হামলাকারীরা চলেও গেছে ভেবে স্বামী ফিরে গিয়েছিলেন বাড়িতে। কিন্তু সেই ভুলের মাশুল তাঁকে তার জীবন দিয়ে দিতে হয়েছে। এখন সন্তানদের নিয়ে ডব্লিউটিসির ক্যাম্পে তাবাকা পালন করছেন।

মাইদুগুরিতে ডব্লিউটিসির ক্যাম্পে থাকা আন্তর্জাতিকভাবে বাস্তুহারা মানুষের মধ্যে বিধবা ছয় হাজার নারীই বামা শহরের। তাঁদের বেশির ভাগই গৃহিণী ছিলেন। তাঁদের নেই তেমন পড়াশোনা। এতে অর্থনৈতিকভাবে টিকে থাকা তাঁদের জন্য কঠিন।

মুসলিম বিধবা অ্যাসোসিয়েশন প্রায় চার হাজার বিধবাকে দাতা সংস্থার সঙ্গে যুক্ত করেছে। এ ছাড়া খ্রিষ্টান বিধবা সংস্থার তালিকায় আছে খ্রিষ্ট ধর্মাবলম্বী দুই হাজারের বেশি স্বামীহারা নারীর নাম।

খ্রিষ্টান বিধবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইসথার আব্বাসহুয়া বলেন, অল্প বয়সে যাঁরা স্বামী হারিয়েছেন, তিনি তাঁদের আবার বিয়ে করতে উৎসাহ দেন।

রাবি ইসসাইল বলেন, বেশির ভাগ পুরুষেরই সন্তানসহ নারীকে বিয়ে করতে অনীহা। সত্যি বলতে কী, এসব নারীদের কোনো ভবিষ্যৎ নেই। আমি জানি, তাঁদের অনেকেই শুধু মৃত্যুর অপেক্ষায় রয়েছেন। সরকার হয়তো কিছু নারীর দায়িত্ব নেবে, কিন্তু কতদূর সাহায্য সম্ভব?’