সহিংসতার অনলে স্বপ্ন পুড়ে ছাই
‘আব্বু, তুমি চলে গেলে! আমি এখন ডাক্তার হয়ে কী করব?’ গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের হামলায় নিহত বাবা খায়রুল ইসলামের মরদেহের পাশে দাঁড়িয়ে একমাত্র ছেলে জুবায়ের হাসান (১২) এ কথা বলতে বলতে অচেতন হয়ে পড়ছিল। গতকাল শুক্রবার বিকেলে জানাজার জন্য খায়রুলের মরদেহ নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান স্কুলমাঠে নেওয়া হলে তাঁর ছেলে আর মেয়ের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। খায়রুলের স্ত্রী লিপি বেগম বলেন, ‘ওর বাবা কাঠমিস্ত্রির কাজ করে খুব কষ্টে সন্তানদের লেখাপড়া করাচ্ছিল। জুবায়ের হাসান কদিমচিলান স্কুলে সপ্তম শ্রেণীতে প্রথম। আর একমাত্র মেয়ে খুকী চতুর্থ শ্রেণীতে প্রথম। খায়রুলের স্বপ্ন ছিল ছেলেমেয়েদের ডাক্তার বানাবে। কিন্তু নরপশুরা ওর স্বপ্ন তছনছ করে দিল। আমি ওদের ফাঁসি চাই।’খায়রুলের চাচা মজনু প্রামাণিক বলেন,‘আমার চোখের সামনে ওরা আমার ভাতিজাকে পিটিয়ে হত্যা করে।’লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মাহমুদুল হক বলেন, খায়রুল কদিমচিলান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। গতকাল বিকেল চারটায় কদিমচিলান স্কুলমাঠে খায়রুলের জানাজায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। খায়রুলকে হত্যার ঘটনায় জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে লালপুর থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কদিমচিলান গ্রামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা খায়রুলকে পিটিয়ে হত্যা করেন।