সহিংসতার আশঙ্কায় বরিশাল পিরোজপুরে উপস্থিতি কম
বরিশালের তিনটি সংসদীয় এলাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর বা সহিংসতার ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অনেক কম।
এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ আসনেও ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।
সরেজমিনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের কোনো লাইন নেই। বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল ১৮ থেকে ২২ ভাগ।
তবে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের কয়েকটি কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা গেছে, সেখানে গড়ে ৪৫ শতাংশ ভোট পড়েছে।
তিনটি সংসদীয় আসনের বেশির ভাগ কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকলেও সহিংসতার আশঙ্কায় ভোটারদের উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা, এজেন্ট এবং ভোটাররা।
বাবুগঞ্জের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মাঠ ফাঁকা। পৌনে নয়টায় পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে সাতিটি। ’
মুলাদী ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মাহমুদ বেলা সোয়া ১১টায় সাংবাদিকদের জানান, তাঁর কেন্দ্রে ৩ দশমিক ১৯ ভাগ ভোট পড়েছে। মুলাদী ইসলামিয়া কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ৪ দশমিক ২৪ ভাগ এবং বেলা পৌনে দুইটায় ১২ ভাগ ভোট পড়ে।