সহিংসতার উসকানি বন্ধে যুক্তরাজ্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বাংলাদেশে চলমান সহিংসতায় মানুষ হতাহতের ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে সহিংসতা ও ত্রাস সৃষ্টি কিংবা এ ধরনের ঘটনায় উসকানি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্যে সংক্ষিপ্ত ছুটি কাটানোর পর গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরে এক বিবৃতিতে রবার্ট গিবসন এ আহ্বান জানান। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে রবার্ট গিবসন বলেন, ‘গত এক মাসের সহিংসতায় সারা বাংলাদেশে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং কয়েক শ মানুষের ভয়ংকরভাবে আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ পরিস্থিতিতে অনেক শিশুর শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতির ক্ষতি প্রতিদিনই বাড়ছে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে।’
যুক্তরাজ্যের হাইকমিশনার সব দলকে সংযম দেখানোর আহ্বান জানান। রবার্ট গিবসন বলেন, ‘আমি আশা করব, বাংলাদেশের সব পক্ষই সহিংসতা ও ত্রাস সৃষ্টি বা এ ধরনের কর্মকাণ্ডে উসকানি দেওয়ার পথ পরিহার করবে।’