সহিংসতার কারণে ঝুঁকির মুখে অর্জন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও নারী নির্যাতন কমছে না। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরীর সঙ্গে।
প্রথম আলো: এ বছর দেশে অনেক নারী সহিংসতার শিকার হয়েছেন। ঘোষণা দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছেন একাধিক নারী। আপনার পর্যবেক্ষণ কী?
রাশেদা কে চৌধূরী: কয়েক বছর ধরেই গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে বাংলাদেশে নারীর গড় আয়ু, শিক্ষাসহ বিভিন্ন সূচকেই নারীর অগ্রগতি দৃশ্যমান। যে খেলাগুলো পুরুষের রাজত্বের বলেই ধরে নেওয়া হতো, তাতে নারীরা অংশ নিয়ে সফল হচ্ছেন। নারীরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, পুলিশে যোগ দিচ্ছেন। বিভিন্ন দুরূহ দায়িত্ব পালন করছেন নারীরা। তবে এত অর্জন থাকার পরও একটি জায়গায় থমকে যেতে হচ্ছে, তা হলো নারীর প্রতি সহিংসতা। অন্যান্য বছরের মতো এ বছরও নারীরা সহিংসতার শিকার শুধু হননি, ভয়াবহ সহিংসতার শিকার হয়েছেন। ধর্ষণ, গণধর্ষণ সহিংসতার পরিসংখ্যানের শীর্ষে আছে। গণপরিবহনে যে নারীরা চড়েন, তাঁরা হয়রানির মাত্রাটা বুঝতে পারেন। ঘরের বাইরে নারীর অবদান দৃশ্যমান হচ্ছে। আবার সেই নারীকেই সহিংসতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হতে না হতেই বাল্যবিবাহের শিকল পায়ে লাগছে শিশুদের। এর বাইরে অন্যান্য নির্যাতন তো আছেই।
প্রথম আলো: নারীর প্রতি সহিংসতার প্রভাব যদি একটু ব্যাখ্যা করেন।
রাশেদা কে চৌধূরী: সহিংসতার ভেতর শুধু নারীকে ফেলে দেওয়া হচ্ছে তা–ই নয়, এ সহিংসতার কারণে নারীর বিভিন্ন অর্জনও ঝুঁকির মধ্যে পড়ছে। মাধ্যমিকে মেয়েদের ঝরে পড়ার হার কমছে না। ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা দিয়েছিল ২৯ লাখ, ওই শিক্ষার্থীরাই এবার অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা দিল। এদের সংখ্যা ছিল ২৪ লাখ। এক ধাক্কায় ৫ লাখ হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়াদের মধ্যে বেশির ভাগই ছিল মেয়েশিশু। শিক্ষা থেকে ঝরে পড়ার হার বাড়লে নারীর স্বাস্থ্য, পুষ্টিসহ অন্যান্য সূচকেও নেতিবাচক প্রভাব ফেলবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ইতিমধ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
প্রথম আলো: নারীর অগ্রগতিতে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জগুলো যদি একটু বলেন।
রাশেদা কে চৌধূরী: ধর্মীয় উগ্রবাদ সমাজে মাথাচাড়া দিয়েছে। প্রতিক্রিয়াশীল চক্র নারীর অগ্রগতি রোধ করতে চাইছে। কুষ্টিয়ায় কৃষিকাজের জন্যও নারীরা মাঠে যেতে পারবেন না বলে মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনায় অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের ভূমিকায় পুরুষতান্ত্রিকতার ছাপ পাওয়া যায়। দেশে যেখানে নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে, সেখানে এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। ঘটছে, কারণ আমরা ধর্মীয় উগ্র মৌলবাদের লাগাম টানতে পারিনি।
প্রথম আলো: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই।
রাশেদা কে চৌধূরী: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের তেমন কোনো শক্ত পদক্ষেপ দেখিনি। বনানীতে হোটেলে শিক্ষার্থী ধর্ষণ, গণপরিবহনে গণধর্ষণসহ বিভিন্ন ঘটনার পর শুধু মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোচ্চার কণ্ঠ আশা করেছিলাম। তা দেখতে পাইনি। জাতীয় সংসদে কতজন সাংসদ কত দিন নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন, তার পরিসংখ্যান নিলেই এ বিষয়টির গুরুত্ব বোঝা যাবে।
প্রথম আলো: তাহলে সামনে কী নারীরা কোনো আলোর দেখা পাবেন না?
রাশেদা কে চৌধূরী: না, না, আমি আশাবাদী। দেশের কিশোরীরা নিজেরাই নিজেদের বাল্যবিবাহ ঠেকাচ্ছে। বিভিন্ন সামাজিক উদ্যোগের ফলে দেশ থেকে অ্যাসিড–সন্ত্রাসের মাত্রা কমানো সম্ভব হয়েছে। নারীদের ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য নোবেল প্রাইজ পেয়েছে বাংলাদেশ। সহিংসতার বিরুদ্ধে শক্ত রাজনৈতিক অঙ্গীকার থাকলে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। আর সব থেকে বেশি প্রয়োজন নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।