সহিংসতার ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার রাতে বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে আবাসিক হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।

পাবনা সার্কিট হাউস মিলনায়তনে রিজেন্ট বোর্ডের সভা শেষে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, ঘটনা তদন্তে শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলামকে আহ্বায়ক ও প্রক্টর আওয়াল কবিরকে সদস্যসচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজেন্ট বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরীর সভাপতিত্বে জরুরি সভা হয়।