সহিংসতার ঘটনায় উদ্বেগ ইউরোপীয় পার্লামেন্টের
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটি। এই পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা।
কমিটির চেয়ারপারসন জ্যঁ ল্যাম্বার্ট বিবৃতিতে বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা গভীরভাবে উদ্বেগজনক। সব রাজনৈতিক দলকে জনগণের মত প্রকাশ, চলাফেরা, সমাবেশ করার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
১৬ জানুয়ারি ব্রাসেলসে এই বিবৃতি প্রকাশ করা হলেও ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস তা গতকাল বৃহস্পতিবার প্রচার করে।
বাংলাদেশে গণতান্ত্রিক ধারা এবং উন্নয়ন যাতে আরও বিপদের মুখে না পড়ে সেটি নিশ্চিত করতে দলগুলোকে সত্যিকারে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সংলাপে বসার আহ্বান জানান ল্যাম্বার্ট। তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল—সবার কাছে আমাদের এই প্রত্যাশা। আমরা এর অভাব দেখতে পাচ্ছি।’