সহিংসতার ঘটনায় পাঁচ ছাত্রকে বহিষ্কার চারজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী দুই পক্ষের পাঁচ ছাত্রকে ভিন্ন মেয়াদে বহিষ্কার, চারজনকে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় আটজনকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের বিষয়ে আজ রোববার আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি এবং বহিষ্কৃত শিক্ষার্থীদের ঠিকানায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হতে পারে বলে জানা গেছে। বৈঠকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে ১৮ জনের মধ্যে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বশেষ এজেন্ডা হিসেবে গত ২০ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী দুটি পক্ষের মধ্যে মারামারি ও হল ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। রিজেন্ট বোর্ডের বৈঠকের কথা নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী সাইদুজ্জামান ইভান ও আবদুল হামিদ ওরফে বাপ্পি গ্রুপের সংঘর্ষ এবং ছাত্র হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি ঘটনার জন্য দুই পক্ষের ছাত্রদের দায়ী করে একটি প্রতিবেদন দাখিল করে।