সহিংসতার ঘটনায় সরকারের পদত্যাগ চাইলেন মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করে নিরীহ মানুষকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করছে পুলিশ। মানুষ ভয়ে ঘরে থাকতে পারছে না, গ্রাম খালি হয়ে যাচ্ছে। কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়মিত এসব খবর আসছে। এ অবস্থায় সরকারের পদত্যাগ করা উচিত।

শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার পর থেকে চলমান সহিংসতার প্রতিবাদে গতকাল সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। এদিকে পৃথক বিবৃতিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবি করেছে কয়েকটি সংগঠন। তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছ। এ ছাড়া আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও মন্দির পুনর্নির্মাণের দাবিও জানায় তারা।

ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে সারা দেশে সহিংসতা চালাচ্ছে বলে দাবি করে ১১টি প্রগতিশীল-গণতান্ত্রিক ছাত্রসংগঠনের সাবেক ১৮ জন ছাত্রনেতা বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ভোটের হিসাব মাথায় না রেখে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার দাবি জানান। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো সাম্প্রদায়িক হামলা না হয়, সে জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের প্রমুখ।

এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রাজধানীর পল্টনে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চেপে বসা রাষ্ট্রীয় ফ্যাসিবাদী শাসনের কারণে গণতান্ত্রিক-সাংস্কৃতিক পরিবেশ সংকুচিত হওয়ায় এ হামলা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মানস নন্দীর সভাপতিত্বে বক্তব্য দেন সীমা দত্ত, মাসুদ রানা প্রমুখ।