দেশে সংঘাত-সহিংস রাজনীতি বিরাজ করছে। এ অবস্থার জন্য দায়ী সরকারি ও বিরোধী দল। দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সব দলের অংশগ্রহণে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও ব্যর্থ বলে মনে হচ্ছে।
গত শনিবার সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বিভাগীয় কর্মশালায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন।
সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মশালায় রাজনীতিসচেতন নাগরিক, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সিটি করপোরেশনের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা অংশ নেন। সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার আলোচনাপর্ব সমন্বয় করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক জিয়াউস শামস।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, সরকার শেষ সময়ে যেসব উন্নয়নকাজের উদ্বোধন করছে, সেসবই লোক দেখানো। এসব উন্নয়ন দেশের জনগণকে দেখিয়ে আর লাভ হবে না। জনগণ আগের তুলনায় অনেক বেশি সচেতন। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের ব্যালট পেপারে ‘না’ ভোটের ব্যবস্থা রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তাঁরা।
দুই দল শেষ পর্যন্ত নির্বাচনে গেলেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা। নারী নির্যাতনের ভয়াবহতা ক্রমে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন নারী আলোচকেরা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
বদিউল আলম মজুমদার বলেন, ‘এ দেশের সঙ্গে আমার-আপনাদের নাড়ির সম্পর্ক রয়েছে। দেশের কোনো সমস্যা হলে আমরা ব্যথিত হই। গণতন্ত্র আমাদের সাংবিধানিক অধিকার। সুজন একটি নিরপেক্ষ সংগঠন, যে সরকার দেশে দুর্নীতি করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। দেশে যে অচলাবস্থা (যেমন-হরতাল, সহিংসতা) চলছে, তা মোটেই ভালো লক্ষণ নয়। আমি মনে করি, এ অবস্থা থেকে বের হওয়ার নাগরিক ও সাংবিধানিক অধিকার হলো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা।’ তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু রাজনৈতিক দল নয়, দেশের সব নাগরিককে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।’
এবারের প্রেক্ষাপট সম্পর্কে বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হচ্ছে দেশে অলৌকিক কিছু, একতরফা নির্বাচন অথবা নির্বাচন করতে না পারার মতো ঘটনা ঘটতে পারে। শুধু সুজন নয় সাধারণ মানুষকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তত্ত্বাবধায়ক সরকারও স্থায়ী সমাধান নয়, তা ছাড়া শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে হবে না—চাই আমাদের সমাজের মধ্যে সচেতনতা।’
দুর্নীতিমুক্ত রাখার শপথ মেয়রের: কর্মশালার একপর্যায়ে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নির্বাচনের আগে সুজন-টিআইবির মুখোমুখি অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে প্রথম আলোকে বলেন, ‘আমাকে কর্মশালায় আসার কোনো নিমন্ত্রণ দেওয়া হয়নি। কিন্তু আমি এসেছি, নিজের তাগিদ থেকে। সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সবার সহায়তা চাই।’