সহিংসতার জেরে ভোটে ভাটা উত্তরাঞ্চলে
নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বোমা হামলা, সংঘর্ষ, নাশকতা ও সহিংসতায় উত্তপ্ত হয়ে পড়ে উত্তরাঞ্চল। ভোট গ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও এখানকার সংঘাতপূর্ণ জেলায় পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সহিংসতায় আতঙ্কিত মানুষের উপস্থিতি ভোটকেন্দ্রে বেশ কম।
রাজশাহী বিভাগ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে সকাল সাড়ে ১০টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি নিয়ে বের হন। স্কুলটিতে গতকাল রাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগের দিন সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। এই আসনের হরিয়ান চিনিকল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা গেছে, কোনো ভোটার নেই। প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহরুখ জামান খন্দকার জানান, সেখানে সকাল সাড়ে আটটা পর্যন্ত নয়টি ভোট পড়েছে।
শ্যামপুর ককটেল বিস্ফোরণের পর আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সেখানে আওয়ামী লীগের কর্মীদের একটি দোকানে শিবিরের কর্মীরা ভাঙচুর চালান। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চর শ্যামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেড়িবাঁধের ওপর পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। বেলা ১১টার দিকে শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এর পর পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছোড়েন। শিবিরের কর্মীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে। শিবিরের কর্মীরাও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। এ সময় কোনো কেন্দ্রেই সারিবদ্ধভাবে ভোট দেওয়ার মতো পরিস্থিতি দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ছে।
নাচোল উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টার দিকে ৩০টির মতো ভোট পড়েছে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৩৮। গোমস্তাপুর উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটরদের উপস্থিতি কিছুটা বেশি। ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারীরা আসছেন বেশি। কেন্দ্রটিতে ভোটর সংখ্যা এক হাজার ৬৯০। প্রথম দেড় ঘণ্টায় ১০৮টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার আশিষ কুমার চক্রবর্তী।
বগুড়া: বগুড়া-৭ আসনে গাবতলীতে আজ সকাল আটটায় ভোট শুরু হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, ব্যালট ও ব্যালটবাক্স ছিনতাই, আগুন দেওয়া, ককটল হামলা শুরু হয়। এসব ঘটনায় প্রায় অর্ধেক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গাবতলীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরা সুলতানা বলেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে গোলযোগের খবর আসছে। তবে কয়টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে, এ মুহূর্তে তা বলা সম্ভব নয়। হিসাব করা হচ্ছে।
নির্বাচনী কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র থেকে খালি ব্যালটবাক্স নিয়ে উপজেলা পরিষদে ফিরছেন। উপজেলায় মোট ৮৮টি ভোটকেন্দ্র রয়েছে।
সকাল পৌনে নয়টার দিকে গাবতলীর পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ব্যালটবাক্স ছিনিয়ে নেয়। এরপর উচ্চবিদ্যালয়ের সামনে গাবতলী মডেল থানায় ককটেল হামলা চালায়। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের আধাঘণ্টা ধরে সংঘর্ষ হয়। একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারও হামলার মুখে পড়েন। উপজেলা পরিষদেও হামলা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে।
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার চারটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ২ নম্বর ভাঙ্গারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ললিতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালটবাক্স পুড়িয়ে দেওয়া হয়। এই দুই কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রয়েছে।
ভাঙ্গারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আউলিয়ারহাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে হামলা হলে পুলিশ দুটি গুলি চালায়। ১ নম্বর সরকারি কুষ্টিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালটবাক্স পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পাটগ্রাম টিএন উচ্চবিদ্যালয়ে সকাল নয়টার দিকে গিয়ে দেখা গেছে, ভোটারের উপস্থিতি নেই। প্রিসাইডিং অফিসার আরিফ আহমেদ জানান, এ কেন্দ্রে ২০টি ভোট পড়েছে। এখানে ভোটার দুই হাজার ৩৩ জন।
পঞ্চগড়: পঞ্চগড়ের দুটি আসনের ২২৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। দুই-একটি কেন্দ্রে পুরুষ ভোটারকে ভোট দিতে দেখা গেলেও নারী ভোটারদের দেখা যায়নি। ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করার পরও ভোটারদের ভোটদানে আগ্রহ নেই।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-১ আসনে পঞ্চগড় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা তিন হাজার ৬৪২ জন। সকাল পৌনে নয়টা পর্যন্ত আটটি বুথে ভোট পড়েছে মাত্র ১১টি। সকাল নয়টায় নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র সাতটি। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৭৭৫ জন।
সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৬৯৯ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২০টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল কামাল ভূঁইয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে।
কুড়িগ্রাম: সদর উপজেলার মুক্তারাম এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হোসেন আলীর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ সকালে ১৩টি পেট্রলবোমা উদ্ধার করে।
কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরীর ভিতরগঞ্জ জি ডি একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, বেলা সোয়া ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে।দিন শেষে ৭০ শতাংশ ভোট পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এই কেন্দ্রে ভোটার তিন হাজার ৮১৫ জন, এর মধ্যে ভোট পড়েছে ৬০০টি।
নাটোর: সকাল নয়টা ২১ মিনিটে সিংড়ার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো ভোটকক্ষেই ভোটার নেই। এখানে দুই হাজার ৬২৭ জন ভোটারের মধ্যে মাত্র ২৭ জন ভোট দিয়েছেন। সকাল ১০টার দিকে তেলীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ নম্বর কক্ষের পোলিং অফিসার রীতা রানি সরকার বলেন, ‘আমার কক্ষের ২৪৭ জন ভোটারের মধ্যে মাত্র দুজন ভোট দিয়েছেন। গত আধা ঘণ্টায় কেউ ভোট দেননি।’
সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া সরকারি গোল-ই আফরোজ কলেজের দুই হাজার ৮৭৮ জন ভোটারের মধ্যে মাত্র ২৫৯ জন ভোট দিয়েছেন।
রংপুর: রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) গতকাল দিবাগত রাতে ব্যালটবাক্স ছিনতাইসহ কেন্দ্র দখল করতে গিয়ে পুলিশের গুলিতে দুই কেন্দ্রে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মেরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৬)। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনায় পীরগাছা উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রে সকাল থেকে এখনো ভোট গ্রহণ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মহীদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলার কুমড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে কুমড়িয়া ও লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের সময় বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।