সহিংসতার দায় দুই দলকেই নিতে হবে
হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে মানুষের প্রাণ হারানোর দায় কি রাজনীতিকেরা এড়াতে পারেন? এমন প্রশ্নের জবাবে দুটি প্রধান দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বরাবরের মতো একে অন্যের দিকে আঙুল তুললেন। কিন্তু সাধারণ মানুষের কথা, এর দায় দুই প্রধান দলকেই নিতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে সাধারণ মানুষের মতেরই প্রাধান্য দেখা গেল। এটি ছিল বিবিসির ৪৯তম বাংলাদেশ সংলাপ।
সংলাপে প্রশ্ন ছিল, শেখ হাসিনা সরে দাঁড়ালে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান হওয়ার সম্ভাবনা আছে কি না। জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন বললেন, শুধু পদত্যাগে সমাধান নয়। সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীকে চলে যেতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বললেন, একটি ন্যায্য সমাধানের পথ বাতলানোর জন্য সংসদে আলোচনার কথা ছিল। কিন্তু বিএনপি এতে কর্ণপাত করেনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি দেশকে একটি দীর্ঘমেয়াদি সহিংসতার পথে ঠেলে দিচ্ছে—এ প্রশ্নের নেতিবাচক জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। আলোচনার মাধ্যমে সমাধান না হলে কী হতে পারে, এর সম্ভাব্য কয়েকটি পথের কথা বলেন তিনি। একটি হলো, এমনটা চলতে থাকলে জরুরি অবস্থা জারি হতে পারে। এতে সহিংসতা কমবে। সেই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ‘হালকা বা বড় আকারের’ সেনা অভ্যুত্থান হতে পারে। একটি পর্যায়ে আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। তবে এমনটি হলে দুটি দলের ‘গণতান্ত্রিক অপমৃত্যু’ হবে।
একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী মোতায়েন কি প্রশ্নবিদ্ধ হবে—এমন প্রশ্নে আলোচক সাংবাদিক কাজী জেসিনের উত্তর, একতরফা নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ, সেখানে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্ন অবান্তর।