সহিংসতার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার নিন্দা করে সংলাপের মাধ্যমে মতপার্থক্য  দূর করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হেফাজতে ইসলামের অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে গত রোববার রাজধানীতে ঘটা সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশ দুটির কূটনীতিকরা এ প্রতিক্রিয়া জানান।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। মত প্রকাশের অধিকার সবারই আছে। তাই বলে আপনি সহিংস তৎপরতায় জড়িয়ে পড়তে পারেন না। তাই আমরা সহিংসতার বিরোধিতা করি। প্রধান দলগুলোকে সংলাপের মাধ্যমে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য পুনরায় আহ্বান জানাই।’

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে প্রথম আলোকে দেওয়া এক ই-মেইল প্রতিক্রিয়ায় ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল বলেন, ‘ঢাকার রাজপথে ফের প্রাণহানির ঘটনা দুঃখজনক। সব নাগরিকেরই আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তবে আমরা সব পক্ষকেই সহিংসতা কিংবা বল প্রয়োগের পথ ছেড়ে সংলাপে উৎসাহ জোগাই।’

রবার্ট গিবসন বলেন, হরতালসহ বিভিন্ন রকমের ব্যাহতকারী কর্মসূচির আর্থসামাজিক প্রতিক্রিয়া ব্যক্তি, ব্যবসা-বাণিজ্য তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি আরেক ই- মেইলে বলেন, ‘সহিংসতা অত্যন্ত নিন্দনীয় এবং মোটেই গ্রহণযোগ্য নয়।’