সহিংসতার নিন্দা, রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত সহিংসতাকে ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশের চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার চর্চার ক্ষেত্র নিশ্চিত করতে দেশটি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মেরি হার্ফ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে রাজনৈতিক সংকট ও সহিংসতা চললেও এই প্রথমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো অবস্থান তুলে ধরা হলো।
এ বিবৃতির প্রতিক্রিয়ায় সরকার বলেছে, এখন বিএনপির বোধোদয় হবে, তারা আন্তর্জাতিকভাবে সমর্থন পাচ্ছে না। আর বিএনপি মনে করছে, এ অঞ্চলে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের যে আগ্রহ, সেটি বিবৃতিতে প্রতিফলিত হয়েছে।
আর কূটনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তাৎপর্যের কারণে যুক্তরাষ্ট্র এ বিবৃতি দিয়েছে। রাজনৈতিক পক্ষগুলো এ বিবৃতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে বলে তাঁরা মনে করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মেরি হার্ফ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের চলমান অস্থিরতা ও সহিংসতায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বাসে আগুন দেওয়া, দাহ্য পদার্থ ছোড়া, ট্রেন লাইনচ্যুত করাসহ এ ধরনের অযৌক্তিক হামলায় নিরীহ লোকজনের হতাহতের ঘটনায় আমরা মর্মাহত। রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের সহিংসতার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই।’
বিবৃতিতে একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়। মেরি হাফ বলেন, ‘বাংলাদেশের সব নাগরিকের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার ও চর্চার সামর্থ্য রয়েছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে প্রয়োজনীয় ক্ষেত্র করে দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। তেমনি সব দলকে তাদের সদস্যদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আহ্বান জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ে উদ্বেগ জানানোয় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসমূলক তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য পন্থা হতে পারে না। আশা করি, এই বিবৃতির পর বিএনপি অন্তত কিছুটা হলেও বুঝবে যে তারা আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বা পাওয়ার সম্ভাবনা নেই।’
মার্কিন বিবৃতিতে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে সরকারের প্রতি জানানো আহ্বানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শাহরিয়ার আলম বলেন, বিএনপি-জামায়াত যে এসব সহিংসতা চালাচ্ছে, সেটি তো স্পষ্ট। মহাজোট সরকারের আমলে বিএনপি-জামায়াত সংসদে থাকার সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অধিকার ছিল। গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর থেকে এ পর্যন্ত বিএনপিকে ১০টির বেশি সমাবেশ করতে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি সব সময় এসব অধিকারের অপব্যবহার করেছে।
জানতে চাইলে বিএনপি-সমর্থিত বুদ্ধিজীবীদের মোর্চা শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, যুক্তরাষ্ট্র যে এ অঞ্চলে শান্তি ও গণতন্ত্র অব্যাহত সেটা চায়, তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার আলোচনায় লক্ষ করা গেছে। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটুক, সেটা যুক্তরাষ্ট্র দেখতে আগ্রহী। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সহিংসতার যেমন সমালোচনা করা হয়েছে, তেমনি রাজনৈতিক অধিকার চর্চা নিশ্চিত করতেও সরকারকে অনুরোধ করা হয়েছে। তবে এ বিবৃতিতে প্রধান দুই রাজনৈতিক পক্ষকে নিয়ে সংলাপের আহ্বান জানানো হলে সেটি আরও যুক্তিযুক্ত হতো।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সহিংসতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার চর্চার ব্যাপারে যুক্তরাষ্ট্র ২০১৩ সাল থেকেই নিজেদের অবস্থানটা স্পষ্ট করে আসছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ বিবৃতি তারই ধারাবাহিকতা। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘লক্ষণীয় হচ্ছে, গত এক মাসের বেশি সময়জুড়ে বাংলাদেশে রাজনৈতিক সংকট চললেও অনেকটা নীরব রয়েছে যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতির তাৎপর্য বুঝতে পেরে মার্কিন প্রশাসন এ বিবৃতি দিয়েছে বলে মনে করি। আশা করি, বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এ বিবৃতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’