একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের শীর্ষস্থানীয় বাকি নেতাদের মামলার রায়ের ক্ষেত্রেও সহিংস প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। সেভাবেই তাদের পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে গত দুই দিন হরতাল ডেকে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে আতঙ্ক ছড়িয়েছে জামায়াত। এখন দলটির নেতারা মনে করছেন, আগামী সপ্তাহের শেষ দিকে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের প্রতিক্রিয়ায়ও হরতাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবিলায় চোরাগোপ্তা হামলা আরও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।জামায়াতের মাঝারি পর্যায়ের দুজন নেতা ও মাঠপর্যায়ের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে তাঁদের মধ্যে আপত্তি থাকলেও চরম অসন্তুষ্টির ছাপ নেই। তবে, কাদের মোল্লার রায়ের পর একদল বিক্ষুব্ধ জনতার দুই দিন ধরে শাহবাগের রাস্তায় ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি জামায়াতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে দেশে নতুন কোনো পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্র তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন জামায়াতের নেতারা।তবে, শাহবাগের অবস্থান কর্মসূচি নিয়ে দলের ভেতরে কোনো ধরনের উদ্বেগের কথা অস্বীকার করেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম।আজ বিক্ষোভ কর্মসূচি: জামায়াত আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ ও কাল শুক্রবার ‘দোয়া দিবস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ‘গত দুই দিনের হরতালে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেটসহ সারা দেশে পুলিশি বর্বরতা; চট্টগ্রাম ও বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল ও আবদুল কাদের মোল্লাসহ আটক সব নেতার মুক্তির দাবিতে’ এ কর্মসূচি ঘোষণা করেন।