সহিংসতার পর দুই সংগঠনের মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে প্রশাসনিক ভবন ও হোস্টেলে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনাটি নিতান্তই ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। এটা কোনো রাজনৈতিক ইস্যু থেকে হয়নি। উভয় সংগঠনের নেতা-কর্মীরা বিষয়টি বুঝতে পেরে তাঁরা মীমাংসা করে নেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ চত্বরে বসে এই মীমাংসা করা হয়।
এ সময় উভয় সংগঠনের নেতা-কর্মীরা পরস্পর করমর্দন করেন। মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান বলেন, রাজশাহী কলেজে গত রোববার যে ঘটনা ঘটেছে, তা নিতান্তই ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে।
গত রোববার রাজশাহী কলেজে স্নাতক শ্রেণীর ভর্তির ফরম জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের সময় কলেজের প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়। কলেজ হোস্টেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একজন ছাত্রকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মোট সাতজন ছাত্র আহত হন। হোস্টেলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।