পাঁচ দফা নির্বাচন শেষে অন্য সব দলের প্রার্থীর চেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা অনেক এগিয়ে থাকলেও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে তাঁরা পিছিয়ে আছেন। ৪৭টি উপজেলার মধ্যে মাত্র ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। একই পদে বিএনপি ১৩টি উপজেলায় জয় পেয়েছে। তাদের ১৯-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী পাঁচটি ও লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিপি) একটি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছে।
সবচেয়ে ভালো ফল করেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ও সংগঠনগুলো। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুটি পক্ষ নয়টি উপজেলায় জয় পেয়েছে। এর মধ্যে সন্তু লারমার পক্ষ সাতটি ও এম এন লারমার পক্ষ দুটি উপজেলায় জয়ী হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিম ও বান্দরবানের থানচিতে নির্দলীয় ক্যাহ্লা সিং জয়ী হয়েছেন। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নির্বাচন হলেও ফলাফল ঘোষণা হয়নি। সেখানে অবশ্য বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন।
পার্বত্য জেলার প্রার্থীরা বলেন, তিনটি পার্বত্য জেলায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ কারণে সেখানে মাত্র তিনটি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হন।
আওয়ামী লীগের বিরুদ্ধে চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের দুটি উপজেলায় কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা, বোয়ালখালী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় ব্যাপক জালিয়াতির আশ্রয় নেন সরকার-সমর্থকেরা। কক্সবাজারের চকরিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচনে সরকার-সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ ওঠে। এই ১০টি উপজেলার মধ্যে আওয়ামী লীগ নয়টিতে জয়ী হয়। জালিয়াতির পরও সাতকানিয়ায় জয়ী হন জামায়াত-সমর্থিত প্রার্থী।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামে দ্বিতীয় দফা থেকে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলে নজিরবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ। প্রথম দফার সুষ্ঠু নির্বাচনে আমরা সর্বত্র জয়ী হওয়ার পর সরকারের মাথা খারাপ হয়ে যায়। তাই সরকার জালিয়াতির আশ্রয় নেয়। সরকার কিছু উপজেলায় দয়া করে আমাদের প্রার্থীদের জেতার ক্ষেত্রে বাধা দেয়নি।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সরকার-সমর্থকেরা আমাদের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এরপর তাঁরা নিজেদের পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করেছেন। রাউজানের ৬৫ কেন্দ্রে জালিয়াতির ঘটনা ঘটেছে। আমাদের প্রার্থী এসব কেন্দ্রে পুনরায় ভোটের দাবি করেছেন।’
টেকনাফ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সরকার-সমর্থক প্রার্থী ৪২টির মধ্যে ছয়টি কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
পাহাড়ে প্রশাসন নিরপেক্ষ: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৬ উপজেলায় কেবল সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে বিএনপি, আওয়ামী লীগ ও পার্বত্য জেলার আঞ্চলিক রাজনৈতিক নেতারা স্বীকার করেছেন। তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগ মাত্র তিনটি, বিএনপি সাতটি, জামায়াত-সমর্থিত প্রার্থীরা একটিতে জিতেছেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপিডিএফ নেতা চঞ্চুমনি চাকমা বলেন, পাহাড়ে প্রশাসন নিরপেক্ষ ছিল।