সহিংসতার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের জানমাল রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে গতকাল রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মানবতাবিরোধীদের অপরাধের বিচারের রায় ঘোষিত হওয়ার পরপরই স্বাধীনতাবিরোধী শক্তি  গণতন্ত্র নস্যাৎ এবং স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত চালিয়েছে। এ পরিপ্রেক্ষিতে জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত করা হয়েছে। পুলিশের ওপরও সরাসরি হামলা, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়েছে। বিশ্বদরবারে বাংলাদেশকে একটি উগ্র ধর্মীয় মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপসনালয়ে হামলা চালানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে সরকার জনগণের জানমাল রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ‘গণপ্রতিরোধ কমিটিগুলোর’ সমন্বয় ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হবে। সরকারের নির্দেশে দলীয় সাংসদেরা নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের পাশে রয়েছেন।

তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলো এ দেশের জনসাধারণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলমান সহিংস ঘটনার প্রকৃত কারণ উপলব্ধি করতে সক্ষম হবে।