সহিংসতার প্রতিবাদে দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কে আট কিলোমিটর দীর্ঘ মানববন্ধন করা হয়। গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বেলা সাড়ে ১১টায় তোলা ছবি l প্রথম আলো
মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কে আট কিলোমিটর দীর্ঘ মানববন্ধন করা হয়। গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বেলা সাড়ে ১১টায় তোলা ছবি l প্রথম আলো

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদ গতকাল বুধবার এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধন মহাসড়কের আশোকাঠি পেট্রলপাম্প থেকে বাটাজোর বন্দর পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় তিন হাজার মানুষ একযোগে এ কর্মসূচি পালন করে।
সড়কের দুই পাশে নানা বয়স ও পেশার মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সহিংস রাজনীতির প্রতিবাদ জানায়। এ সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীও এতে অংশ নেয়। ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী বলে, ‘শিশু ও শিক্ষার্থীরাও হামলার শিকার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
মানববন্ধন শেষে দুপুরে দক্ষিণ মাহিলাড়া এলাকায় সমাবেশ হয়। এতে বক্তারা অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ মারার রাজনীতির নিন্দা করেন। তাঁরা অবিলম্বে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ। আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়া দমন গুহ প্রমুখ।