সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন গণসংগঠনের সমাবেশ আজ
অবরুদ্ধ, সহিংস পরিস্থিতি থেকে দেশ ও জীবন রক্ষা, জঙ্গিবাদ নির্মূল ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আজ ২৪ জানুয়ারি দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে ছাত্র-যুব-পেশাজীবী-শিল্পী-কর্মী-ক্ষেতমজুর-কৃষক-চিকিৎসক-প্রকৌশলীসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন। আজ বেলা তিনটায় রাজধানীর শাহবাগ মোড়ে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হবে। একই সময়ে দেশের সব জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।
কর্মসূচি আয়োজন এবং তা সফল করার লক্ষ্যে ২০ জানুয়ারি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে গণসংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে উদীচী ছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, প্রগতি লেখক সংঘ, কৃষিবিদ ইউনিয়ন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিপ্লবীদের কথা প্রভৃতি গণসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, ২৪ জানুয়ারি দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের পাশাপাশি সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।