দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় সহিংসতা ও নাশকতার ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলাতেই আওয়ামী লীগের ৯২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অন্য মামলাগুলোতেও আসামি করা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের।
তাহলে কি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায়ের প্রতিবাদে ঘটা সহিংসতায় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও যোগ দিয়েছিলেন? প্রশ্নটি শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন এসব করবে?’
তাহলে আওয়ামী লীগের লোকজন মামলার আসামি হলেন কেন?
কামরুল হাসান বলেন, ‘বাঁশখালীতে আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয়। নেতারা প্রতিপক্ষকে আসামি করতে চিরকুট দিয়ে নাম পাঠান। অমুককে আসামি করো, তমুককে করো। আমাদের কী করার আছে। তবে তদন্তে আসল দুর্বৃত্তদের অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হবে।’
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রায় ঘোষণার পর বাঁশখালীতে ঘটা সহিংসতার একটি মামলায় (নম্বর ১, ১/৯/২০১৩ ইং) ২১১ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগের এক পক্ষের নেতাদের চিরকুটের ভিত্তিতে দলটির অন্তত ৯২ জনকে এই মামলায় জড়ানো হয়েছে, যাঁরা আসলে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এ রকম আরও পাঁচ-ছয়টি মামলায় কমবেশি দলীয় নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে।
কামরুল হাসান ১ নম্বর মামলায় আওয়ামী লীগের ৯২-৯৩ জনকে আসামি করার কথা স্বীকার করেছেন। অন্য মামলাগুলোতেও সরকারি দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানিয়েছেন। অযাচিত হস্তক্ষেপের কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
এই ৯২-৯৩ জন নিরীহ ব্যক্তি কারা—জানতে চাইলে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ সম্ভব নয় বলে জানান ওসি।
বাঁশখালী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। ‘আওয়ামী লীগ’ ও ‘জামায়াতপন্থী আওয়ামী লীগ’। দলের একটি পক্ষের নেতৃত্বে সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ কবির ওরফে লিটন। লিটন ‘জামায়াতপন্থী আওয়ামী লীগের’ নেতা হিসেবে এলাকায় পরিচিত।
আওয়ামী লীগের একাধিক কর্মী ও এলাকার রাজনীতিসচেতন ব্যক্তি বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব থামছে না। থানার পুলিশও কাজ করতে পারছে না।
এবারের একতরফা নির্বাচনে আবদুল্লাহ কবির লিটনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ঘোষণার পরদিন সেটা প্রত্যাহার করে বাঁশখালী আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করা হয়। যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগে থেকেই বাঁশখালীকে বিচ্ছিন্ন করে দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গত ফেব্রুয়ারিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর থেকে শুরু হয় সহিংসতা। চট্টগ্রামের সঙ্গে কয়েক দফা বিচ্ছিন্ন ছিল বাঁশখালী। ধারাবাহিক সহিংসতায় নিহত হন একজন সংখ্যালঘু নাগরিক। পুড়িয়ে দেওয়া হয় উপজেলা পরিষদ ও আদালত ভবনের নথিপত্র। উৎপাটন করা হয় তিনটি সেতুর পাটাতন। ঘরছাড়া করা হয় শত শত আওয়ামী লীগের সমর্থককে। এসব ঘটনায় ১০ মাসে মামলা হয়েছে ১৭টি। এর মধ্যে ফেব্রুয়ারি ও মার্চের ঘটনায় হয়েছে নয়টি মামলা। বাঁশখালী থানা সূত্র জানায়, এসব মামলার কোনোটিরই অভিযোগপত্র দেওয়া হয়নি। এমনকি ২৮ ফেব্রুয়ারি বাঁশখালী সদরে মেয়ের বাড়িতে বেড়াতে আসা দয়াল হরি খুনের মামলার তদন্তও এক প্রকার চাপা পড়ে আছে। ফলে দয়ালের খুনিসহ প্রায় সব মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
দয়াল হরি খুনের মামলার তদন্তে অগ্রগতি আছে দাবি করলেও ১০ মাসেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। জানতে চাইলে ওসি কামরুল হাসান বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের পর আমরা অভিযোগপত্র দেব। অন্যান্য মামলার তদন্তও আমরা চালিয়ে যাচ্ছি।’
বাঁশখালীর স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো দাবি করছে, জামায়াত-শিবিরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আওয়ামী লীগের একটি অংশ পরোক্ষভাবে সহযোগিতা করছে। ভুক্তভোগীরা এর জন্য লিটনের অনুসারীদের দায়ী করেছেন। লিটনের ডান হাত হিসেবে পরিচিত বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মামলা-মোকদ্দমার বিষয়টি দেখভাল করেন। কারা আসামি হবে, কাকে বাদ দিতে হবে তা নূর হোসেন সমম্বয় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানতে চাইলে নূর হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভুলের কারণে আওয়ামী লীগের দু-একজনের নাম কিছু মামলায় অন্তর্ভুক্ত হতে পারে। চার্জশিট দেওয়ার সময় তাঁদের বাদ দেওয়া সম্ভব হবে।’
সুলতানুল কবির চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নূর হোসেন বলেন, ‘এই লোকটি বাঁশখালী আওয়ামী লীগকে দুর্বল করে দিচ্ছেন। বিভিন্ন হামলার ঘটনায় আমরা পুলিশকে জামায়াত-শিবির ও বিএনপির লোকজনের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করেছি। সুলতানুল কবির কি কাউকে আসামি করাতে পেরেছেন? যা হয়েছে সেটা কেবল আমাদের মাধ্যমে হয়েছে।’ ‘জামায়াত-শিবিরপন্থী আওয়ামী লীগের’ নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে নূর হোসেন বলেন, ‘এসব ভুয়া কথা। আমাদের বিতর্কিত করতে প্রতিপক্ষ এই অভিযোগ করছে।’
এ ব্যাপারে আবদুল্লাহ কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন। বাঁশখালীর সাবেক সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানুল কবির চৌধুরী বলেন, ‘এই সরকারের পাঁচ বছরের মেয়াদে আমি কেবল একবার বাঁশখালী থানায় গিয়েছি, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। এর মধ্যে ফোন করে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার রেকর্ড আমার নেই। চিরকুট দিয়ে প্রতিপক্ষকে কেন ফাঁসাতে যাব?’ সুলতানুল কবির বলেন, ‘সব কটি মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীকে ফাঁসানো হয়েছে। এমনকি বিএনপির কিছু নিরীহ লোকও এসব থেকে বাদ পড়েনি। কারা করেছে সেটা আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন।’ আওয়ামী লীগের একাধিক কর্মী নাম প্রকাশ না করে বলেন, সহিংস ঘটনায় জামায়াত-শিবিরের লোকজন জড়িত। আর যে গ্রাম বা পাড়া থেকে হামলাকারীরা এসেছে সেখানকার কেউ আসামি হয়নি। এ জন্য আগের ওসি ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুষছেন অনেকে। এই দুই কর্মকর্তার সঙ্গে জামায়াত-শিবির ও বিএনপির নেতাদের সুসম্পর্ক রয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালের সাক্ষাৎ গত বুধবার এলাকায় গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঁশখালীর অবস্থা খুব ভালো। আপনি সরেজমিন খোঁজ নিয়ে দেখে যেতে পারেন।’
সরেজমিন যাওয়ার কথা জানলে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘আপনি কি পূজা উদ্যাপন কমিটির নেতার সঙ্গে কথা বলেছেন? কোনো নাগরিক তাঁর আতঙ্কের কথা আপনাকে জানিয়েছেন? তাঁর নাম আপনি আমাকে বলেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘ইউএনও সাহেব ভালো মানুষ। তাঁর দক্ষতার কারণে বাঁশখালীর আইনশৃঙ্খলা অনেক উন্নত।’