সহিংসতার রাজনীতি বন্ধের দাবি
সহিংসতার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন পেট্রলবোমায় নিহত আবদুল মালেকের স্বজনেরা। মালেকের বাড়ি নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামে।
গতকাল মঙ্গলবার পারিবারিক কবরস্থানে আবদুল মালেকের (৫৫) লাশ দাফন করা হয়। তাঁর মেজো ছেলে আবদুল মতিন জাতীয়তাবাদী মৎস্য দলের লক্ষ্মীচাপ ইউনিয়নের সভাপতি। গতকাল দুপুরে তাঁদের বাড়িতে গেলে তিনি বলেন, ‘আমি বিএনপি করি, কিন্তু রাজনীতির নামে এই সহিংসতা আমি চাই না।’ তাঁর বড় মেয়ে মাজেদা খাতুন (৩০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘দুই নেত্রী ঠিকই থাকবে, আমরা বাবা হারাব, ভাই হারাব, স্বামী হারাব, যত দিন দুই নেত্রী এক হবে না, তত দিন আমাদের স্বজন হারাতে হবে। এমন রাজনীতি আমরা দেখতে চাই না।’
পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমায় যোগ দিতে ১৬ জানুয়ারি আবদুল মালেক ঢাকায় যান। ইজতেমা শেষে ঢাকায় আরও কয়েক দিন থাকার পরও গাড়ি পাননি তিনি। তাই ট্রাকে করেই রওনা দেন বাড়ির উদ্দেশে। দিনাজপুরের কাহারোলে ২১ জানুয়ারি রাতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় চালকসহ দগ্ধ হন তিনি। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গত সোমবার গভীর রাতে লাশ নিয়ে আসা হয়।