পাঁচ-সাতজন যাত্রী নিয়ে প্রায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে গাবতলী-সায়েদাবাদগামী একটি ৮ নম্বর বাস। উচ্চ স্বরে যাত্রী ডেকে চলেছেন চালকের সহকারী। পদচারী সেতুর (ফুটওভারব্রিজ) নিচে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে চার-পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার আকস্মিক অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার সকাল নয়টার দিকে রাজধানীর শ্যামলী মোড়ের চিত্র এটি। রাস্তায় মানুষ আছে যথেষ্ট। কিন্তু তাঁরা যতটা সম্ভব বাস-অটোরিকশা এড়িয়ে রিকশায় যাতায়াত করছেন। একেবারে যাঁদের রিকশায় চড়ার সামর্থ্য নেই, তাঁরাই বাসে উঠছেন।
অনিশ্চয়তা আর আশঙ্কা যে কতটা জেঁকে বসেছে মানুষের মনে, তাঁর ছাপ পাওয়া গেল বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জাহিদ হোসেনের কথায়। শ্যামলী থেকে দেড় শ টাকায় মতিঝিলে যাওয়ার জন্য রিকশা ঠিক করেছেন তিনি। পাশেই ফাঁকা বাস থাকতে রিকশায় কেন যাচ্ছেন, এ প্রশ্নের জবাবে বলেন, ‘আগে হরতাল-অবরোধে ঝুঁকি নিয়েও বাসে উঠতাম। কিন্তু শাহবাগের ঘটনার পর থেকে আর বাসে উঠব না ঠিক করেছি। টাকা যায় যাক, কিন্তু পুড়ে মরতে চাই না।’
শাহবাগে গত বৃহস্পতিবার রাতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় চার নারীসহ ১৯ জন যাত্রী পুড়ে যান। এঁদের দুজন ইতিমধ্যে মারা গেছেন।
আবদুস সাত্তারের রিকশায় চড়ার উপায় নেই। একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী সাত্তারের পক্ষে এক-দেড় শ টাকা রিকশা ভাড়া দিয়ে কাকরাইলে যাওয়া অসম্ভব ব্যাপার। ‘যার কেউ নেই তাঁর আল্লাহ আছে’ বলে রংধনু পরিবহনের একটি বাসে উঠে পড়লেন তিনি।