সহিংসতার শঙ্কায় ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে এসে বৃহস্পতিবার টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনী প্রচার জমে ওঠে। তবে নির্বাচনের দিন ও এরপর জেলার দুই প্রভাবশালী ‘খান’ ও ‘সিদ্দিকী’ পরিবারের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা।
নির্বাচনে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন। ছানোয়ারের পক্ষে মুখ্য ভূমিকা পালন করছে টাঙ্গাইলের রাজনীতি ও আধিপত্য বিস্তারে সিদ্দিকী পরিবারের চিরপ্রতিদ্বন্দ্বী খান পরিবার। ফলে নির্বাচনটি দুই পরিবারের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।
এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী (সাইকেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট—বিএনএফের আতাউর রহমান খান (টেলিভিশন) প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের তেমন তৎপরতা নেই।
দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেনের এটি প্রথম নির্বাচন হলেও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী ২০০১ ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তিনি টাঙ্গাইলের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান।
অপরদিকে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর টাঙ্গাইলের নিয়ন্ত্রণ চলে যায় খান পরিবারের হাতে। দলের মধ্যেও এই পরিবারের একচ্ছত্র আধিপত্যের সৃষ্টি হয়। এ পরিবারের সন্তান আমানুর রহমান খান ওরফে রানা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন। আমানুরের ভাই সাহিদুর রহমান খান ওরফে মুক্তি টাঙ্গাইল পৌরসভার মেয়র নির্বাচিত হন। অপর ভাই জাহিদুর রহমান খান ওরফে কাকন জেলার বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের দায়িত্ব নেন। আর ছোট ভাই সানিয়াত খান বাপ্পা হন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি।
মুরাদ সিদ্দিকী এ সরকারের আমলে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন। বিভিন্ন সময় শোনা গেছে তিনি বড় ভাই মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাত ধরে আওয়ামী লীগে ফিরে আসছেন।
জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, খান পরিবারের সন্তানেরা মনে করছেন, মুরাদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হলে খুব সহজেই তিনি আওয়ামী লীগে যোগ দিতে পারবেন। এতে দলের ভেতর ও টাঙ্গাইলে খান পরিবারের একচ্ছত্র প্রভাব আর থাকবে না। তাই তাঁরা মরিয়া হয়ে মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মাঠে নেমেছেন।
মুরাদ সিদ্দিকী ও তাঁর সমর্থকেরা নির্বাচনী সভা ও গণসংযোগে গিয়ে যতটা না বলেছেন আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন বা আওয়ামী লীগ সম্পর্কে, তার চেয়ে বেশি সমালোচনা করেছেন খান পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে। অপরদিকে গণসংযোগে ও নির্বাচনী সভায় ছানোয়ার হোসেন মুরাদ সিদ্দিকী সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কিন্তু একই সভায় খান পরিবারের সন্তানেরা তীব্র ভাষায় কথা বলেছেন মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে।
প্রার্থী ছানোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাঠে-ময়দানে ব্যাপক সাড়া পাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আমাকেই নির্বাচিত করবে বলে মনে করছি।’
মুরাদ সিদ্দিকী বলেন, এ নির্বাচন টাঙ্গাইলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। পুরো টাঙ্গাইলের মানুষ একটি পরিবারের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কা করেন, সন্ত্রাসীদের দিয়ে হয়তো ভোটকেন্দ্র দখল করে মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা হতে পারে।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সাহিদুর রহমান খান বলেন, মুরাদ সিদ্দিকী কখনোই জনগণের পাশে ছিলেন না। নির্বাচনের সময় এসে প্রার্থী হন। তাঁরা একেক ভাই একেক দল করেন। তাই এই পরিবারের প্রতি টাঙ্গাইলের মানুষের আস্থা নেই। ভোটের মাধ্যমেই মানুষ মুরাদ সিদ্দিকীর প্রতি তাদের অনাস্থা প্রকাশ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, নির্বাচনে দুই পরিবারের আধিপত্যের প্রতিযোগিতা শুরু হয়েছে। উভয় পক্ষের প্রস্তুতি দেখে মনে হচ্ছে নির্বাচন ও এর পরে সহিংসতা ঘটবে।
তবে রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, নির্বাচন ও পরবর্তী সহিংসতা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবের টহল থাকবে।