সহিংসতার শিকার ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা
নীলফামারীতে জামায়াত-শিবিরের সহিংসতার শিকার সদর উপজেলার লক্ষ্মীচাপ, টুপামারী ও পলাশবাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৭টি হিন্দু পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা গতকাল সোমবার এই অর্থ সহায়তা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে নগদ টাকা তুলে দেন ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের সরস্বতী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত দে ও সহসভাপতি গোপাল শীল। গতকাল সকালে নীলফামারীর মিলনপল্লি সর্বজনীন দুর্গামন্দির চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। নির্যাতনের শিকার প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। পরিষদের সভাপতি সুব্রত দে বলেন, ‘আমাদের কলেজের অধ্যক্ষ জালাল উদ্দীন আশরাফ ও শিক্ষক অরূপ রতন চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় এবং বারডেম হাসপাতালের চিকিৎসক বাঁধন কুমার দের সার্বিক সহযোগিতায় এই সহায়তা দেওয়া সম্ভব হয়েছে।’
২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর রাতে নীলফামারীর লক্ষ্মীচাপ, পলাশবাড়ী ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সহিংসতা চালায় জামায়াত-শিবির।