সহিংসতার শিকার ৫১৫ জন নারীকে গত এক বছরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বান্দরবান স্বাস্থ্য বিভাগ আয়োজিত স্বাস্থ্য মেলায় এ তথ্য উপস্থাপন করা হয়।
বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্য মেলা উপলক্ষে আয়োজিত সভায় চিকিৎসক শারমিন নাহার বলেন, দেশের ২৯টি নারীবান্ধব হাসপাতালের মধ্যে বান্দরবান সদর হাসপাতাল একটি। ২০১৫ সালে এই হাসপাতালে সহিংসতার শিকার ৫১৫ জনসহ ২৯ হাজার ৭৯৮ নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলার জনসংখ্যা বিবেচনায় সহিংসতার শিকার নারীদের এই সংখ্যাকে ভয়াবহ বলে মন্তব্য করেন তিনি। জনসংখ্যার বিবেচনায় এই চিত্র চট্টগ্রামের চেয়েও অনেক বেশি।
স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা। বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন অংসুই প্রু মারমা, বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়কারী গীতা দত্ত, একেএসের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী, নারীপক্ষের কর্মসূচি কর্মকর্তা জাহানারা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি ক্যশৈহ্লা মারমা বলেন, নারীবান্ধব সামাজিক পরিবেশ তৈরির জন্য শিক্ষিত ব্যক্তিদের মানসিকতাকে আগে পরিবর্তন করা দরকার। শিক্ষিত ও প্রশিক্ষিত ব্যক্তিদের কাছেই নারীরা বেশি হয়রানির শিকার হয়ে থাকেন বলে তিনি মন্তব্য করেন।