সহিংসতার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, শিক্ষাঙ্গনে অগ্নিসংযোগসহ সব সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনগুলো।
গতকাল সোমবার পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্র বলেছে (আসক), বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ, শান্তিশৃঙ্খলা এবং ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির জন্য চরম হুমকিস্বরূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতাও সুস্পষ্ট।
যৌথ বিবৃতিতে সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার সহিংসতা পরিচালনাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান। তাঁরা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারকাজ ভণ্ডুল করতে এবং দেশকে পাকিস্তানি ধারায় পরিচালনা করার লক্ষ্যে বিএনপি-জামায়াত সহিংসতা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সময়মতো পদক্ষেপ নিলে সহিংসতা আরও কমত।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচন বর্জন ও প্রতিহত করার নামে বিরোধী দল ও তার জোট ধারাবাহিকভাবে দেশব্যাপী সহিংস ও নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। নির্বাচনের আগের দিন অন্তত ১০০টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। জনগণকে জিম্মি রেখে এ ধরনের নৃশংস, বর্বর অমানবিক কর্মকাণ্ড কোনোক্রমেই গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে না। নির্বাচন-পরবর্তী সময়ে সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থান, সম্প্রীতি প্রতিষ্ঠা ও বর্তমান নৈরাজ্যজনক পরিস্থিতির অবসান ঘটাতে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিকদের উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।