সহিংসতার স্থানে সম্প্রীতির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ নভেম্বর ছিল শুক্রবার। সেদিন সকালে সহিংসতার আগুনে ভসঞ্চীভূত হয়েছিল বরিশালের চর কাউয়ার কালীখোলা গ্রামের ১৫টি হিন্দু পরিবার। মাত্র এক সপ্তাহ পর গত শুক্রবার সকালে আবার সেই গ্রামেই হলো সম্প্রীতি সমাবেশ। যে স্কুলমাঠে রক্ত ঝরেছিল, সেই মাঠেই হিন্দু-মুসলমানেরা পাশাপাশি বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বললেন।
কেবল গ্রামবাসীই নন, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বরিশাল নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন এই সম্প্রীতি সমাবেশে। তাঁরা সব সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকবেন—এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, চর কাউয়ায় অতীতে কখনোই সাম্প্রদায়িক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাটি ঘটে গেল, সেটিই যেন হয় এ ধরনের শেষ ঘটনা। চর কাউয়ার অধিবাসীরাও একই প্রতিশ্রুতি দিলেন। তবে পারভেজ গাজী খুন এবং হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত একজন অপরাধীও যেন পার না পায় এবং একজন নির্দোষ ব্যক্তিও যেন শাস্তি না পায়, সেই দাবি জানিয়েছেন তাঁরা।
সম্প্রীতি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিহত পারভেজ গাজীর বাবা সেলিম গাজী বলেন, ‘আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। কিন্তু আমি চাই খুনিদের শাস্তি হোক।’ অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বীরেন চন্দ্র হালদার বলেন, ‘আপনারা দোয়া করবেন। আমরা অতীতের মতোই হিন্দু-মুসলমানেরা মিলে শান্তিতে যেন থাকতে পারি।’
শুক্রবার সকাল সাড়ে ১০টায় চর কাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ শুরু হয়।
সভাপতিত্ব করেন চর কাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে-পরে কখনোই এই গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। আমাদের অতীতের এই ঐতিহ্য বজায় রাখতে হবে। আর কোনো দিন এই গ্রামে যেন এমন ঘটনা না ঘটে।’ সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমরা সবাই সম্প্রীতি বজায় রাখব। আমরা চাই পারভেজ গাজীর কোনো খুনি এবং ষড়যন্ত্র করে যারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিল, তারাও যেন ছাড় না পায় সেটি দেখবে পুলিশ।’ জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সব সময় আছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ফেরদৌসী, নজরুল হক, বিপুল বিহারী হাওলাদার, মানস মিত্র, এ কে আজাদ, দিলীপ চন্দ্র ঘোষ, হিরণ কুমার দাস, স্বপন কুমার দত্ত, নারায়ণ চন্দ্র, মজিবর রহমান প্রমুখ। বরিশালের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গ্রামবাসীসহ হাজার খানেক মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। এই সম্প্রীতি সমাবেশের উদ্যোক্তা বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল।
সমাবেশ শেষে নিহত পারভেজ গাজীর পরিবারকে ২৫ হাজার টাকা, ঢাকায় চিকিৎসাধীন জহিরুলের জন্য পাঁচ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১০ হাজার করে টাকা, ২২টি কম্বল, তিন বস্তা চাল, দুই বস্তা আলু ও হাঁড়িপাতিল দেয় নাগরিক সমাজ। এদিকে গতকাল হিন্দুদের বাড়িঘরগুলোতে গিয়ে দেখা গেছে, বাঁশের খুঁটি ও টিন দিয়ে ঘর তোলার কাজ শুরু হয়েছে।