সহিংসতারোধে তরুণ-যুবসমাজকে ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতারোধে দেশের তরুণ-যুবসমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অভিভাবক, শিক্ষকসমাজ, এলাকার সামাজিক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের। নারী নির্যাতনের সংস্কৃতিকে সমর্থন করে এমন পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধ নিরোধের লক্ষ্যে জাতীয় নীতি ও কর্মপরিকল্পনাও গ্রহণ করতে হবে।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। যৌতুক, পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৪ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে পুরুষ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আয়শা খানম সভাপতির বক্তব্যে বলেন, নারীর বিষয়ে সমাজের পুরুষের বিশেষ করে তরুণসমাজের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা তা থেকে আধুনিক যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গি অর্জনে সচেতনতা প্রয়োজন। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে সব ক্ষেত্রে সম-অংশগ্রহণের সুযোগ করে না দিলে এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ না হলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট লেখক গবেষক মফিদুল হক, আইনজীবী এস এম এ সবুর, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সামন্তলাল সেন, সাবেক ছাত্রনেতা মাহবুব জামান প্রমুখ। সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। এ সময় আবৃত্তিও পরিবেশন করা হয়।
আয়োজকেরা জানান, বিশ্বব্যাপী প্রতিবছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়ে আসছে। এবার ‘নারী ও কন্যাশিশুর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হউক’—এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৪ পালন করছে মহিলা পরিষদ। এর ধরাবাহিকতায় গতকাল প্রতীকী পুরুষ সমাবেশ হয়।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ঘোষণায় বলা হয়: ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, অ্যাসিড নিক্ষেপ, উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়ন, বেআইনি ফতোয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিশোরী নির্যাতন বন্ধে নিরবতা ভেঙে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ ও নির্মূলের কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি।