সহিংসতায় আরও নিহত ৩

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুপিয়ে হত্যা করা হয় বিদ্রোহী প্রার্থীর একজন সমর্থককে। সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে হামলায় নিহত হন আরেকজন। এ ছাড়া নরসিংদীতে কুপিয়ে হত্যা করা হয় একজন চা-বিক্রেতাকে।
এ নিয়ে ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৭৯ জন প্রাণ হারালেন।
এ ছাড়া গত সোমবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত ছয় জেলার নয়টি স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যানবাহনে ভাঙচুর, নির্বাচনী কার্যালয়ে আগুন ও অন্যান্য সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের খতিবনগরে গতকাল ভোরে মোহাম্মদ মহসিন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মহসিনকে নিজের কর্মী দাবি করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছেন।
ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজদ্দৌলা দুলালের অভিযোগ, পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীর সমর্থকেরা মহসিনকে হত্যা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সপ্তাহ খানেক আগে ইকবালের লোকজন মহসিনসহ তাঁকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইকবাল।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত মহসিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটের ওসমানীনগরের শশারকান্দি গ্রামে এক ইউপি সদস্য প্রার্থীর প্রচারপত্র বিলি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রকিব মিয়া (৩২) নামের একজন আহত হয়ে পরে মারা গেছেন। গতকাল সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোয়ালাবাজার ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আপ্তাব মিয়া শশারকান্দি গ্রামে গণসংযোগে বের হন। এ সময় বেশ কিছু শিশু প্রচারপত্র চাইলে এ নিয়ে হুড়োহুড়িতে এক শিশু জখম হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেন রকিব মিয়া। পরে রাত নয়টার দিকে সেখান থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা হয়। রকিবের ভাই দিলবর মিয়া বলেন, আহত শিশুর পরিবার তাঁদের সমর্থিত প্রার্থীর বিরোধী পক্ষের সমর্থক। লাশ দাফনের পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী রকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত রকিবের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করা হয়নি। তবে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
নরসিংদীতে এমদাদুল হক ওরফে এবাদ (২৬) নামের একজন চা-বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। এমদাদুল স্থানীয় বাদুয়ারচর বাজারে চা বিক্রি করতেন।
এমদাদুলের পরিবারের দাবি, ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে নির্বাচন-সংক্রান্ত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
পরিবারের ভাষ্য, এমদাদুল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাদুয়ারচর কাঁচাবাজারে যান। এ সময় ইউপি সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে প্রচারে অংশ নেন। প্রচার শেষে আলতাফকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে নিখোঁজ হন এমদাদুল। রাতে খোঁজ করে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির স্ত্রী সুমি আক্তার বলেন, তাঁর স্বামীর কোনো শত্রু আছে বলে জানা নেই। তবে তিনি আলতাফ মেম্বারের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকেরা তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন বলে লোকমুখে শুনেছেন।
তবে তৈয়বুর রহমান বলেন, নির্বাচনের আগে এ হত্যাকাণ্ডকে ইস্যু তৈরি করে তাঁর নামে বদনাম ছড়ানো হচ্ছে। এটি ষড়যন্ত্র।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ মামলা করেননি। ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখন বলা যাচ্ছে না। পরিবারের লোকজনের দাবি নির্বাচনী সহিংসতা হলেও প্রাথমিক তদন্তে তা মনে হচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।
অন্যান্য সহিংসতা: চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউপি নির্বাচনকে ঘিরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ও আওয়ামী লীগের প্রার্থী ইনজামুল হক জসিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে কচুয়াই চক্রশালা মিলন চক্র এলাকায় এ সংঘর্ষ হয়।
খলিলুর রহমান অভিযোগ করেন, কচুয়াই মিলন চক্র এলাকায় তাঁর নির্বাচনী সভা চলছিল। এ সময় ইনজামুল হকের নির্দেশে ১২-১৪ জন কুড়াল, রামদা, রড ও কিরিচ নিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে তিনি ও তাঁর সমর্থক সাত-আটজন গুরুতর আহত হন। তাঁর মোটরসাইকেলসহ তিনটি গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা। তবে ইনজামুল হক বলেন, দৌড়াদৌড়ি করতে গিয়ে খলিলুরের কয়েকজন সমর্থক আহত হয়েছেন। তাঁরা কচুয়াই কালা মসজিদ এলাকায় তাঁর নির্বাচনী সভায় হামলা চালান।
ফরিদপুরের ভাঙ্গায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার রাতে কালামৃধা ইউনিয়নের আটরা ভাসরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী রিজাউল মাতুবরের সমর্থকেরা গ্রামে প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের প্রার্থী এসকান্দার আলী খলিফার সমর্থকদের সঙ্গে তাঁদের মারামারি হয়। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম মল্লিকের নির্বাচনী কার্যালয়ে সোমবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় দাখিল করা অভিযোগে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহেল শাফীকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহিন উদ্দিন অভিযোগ করেছেন, সোমবার রাতে ইউনিয়নের দক্ষিণ খালিশপুর, বাদারী বাজার, রব বাজারের হাছানতলা এলাকায় নৌকার তিনটি প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় তাঁরা ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো নৌকার পোস্টার ছিঁড়ে ফেলেছে।