সহিংসতায় আহত অর্ধশত ব্যালট পেপার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের ইটনা, লালমনিরহাটের আদিতমারী ও রংপুরের গঙ্গাচড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঘাটাইল (টাঙ্গাইল): গত মঙ্গলবার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে সত্তরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলা চালিয়ে বিপুলসংখ্যক ব্যালট পেপার ছিনতাই করে সন্ত্রাসীরা। এ সময় উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য আহত হন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কিশোরগঞ্জ: ইটনা উপজেলার সদর ইউপির বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বেলা সোয়া ১১টার দিকে বিজয়ী চেয়ারম্যান ওমর ফারুক ও পরাজিত প্রার্থী নুরু মিয়ার সমর্থকেরা ইটনা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ফজলু মিয়া, নার্গিস, জুমেলা, আবদুল হাইকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের পূর্বগ্রামে বিজয়ী সদস্য হযরত মিয়ার সঙ্গে পরাজিত প্রার্থী চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়। লালমনিরহাট: আদিতমারী উপজেলার সারপুকুর ইউপিতে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীর দুই ছেলেসহ সন্ত্রাসীরা মোজাম্মেল হক নামের এক ব্যক্তির দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোজাম্মেল হক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের টেপাটারী গ্রামের বিজয়ী চেয়ারম্যান মনসুর আলীর সমর্থনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সভায় মোজাম্মেল হক বক্তৃতা করেন। পরে তিনি স্থানীয় বাজারে যান। রাত নয়টার দিকে সেখান থেকে বাড়িতে ফেরার পথে পরাজিত প্রার্থী আজিজুল ইসলামের ছেলে শিমুল, মিলনসহ কয়েকজন সন্ত্রাসী তাঁকে আটক করে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আদিতমারী থানার এসআই আবদুস সোবাহান বলেন, ঘটনার পর আজিজুল হকসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। রংপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়বিল ইউপির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী কাজলের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ এনে গতকাল সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের বকশিগঞ্জ বাজারে তাঁকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। জনতার সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ খায়রুল আলমকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ছোড়া হয়েছে।