সহিংসতায় আহত ৯৯
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় কুড়িগ্রাম, নাটোর ও কুষ্টিয়ায় গত দুই দিনে ৯৯ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুড়িগ্রামে পুলিশ ফাঁকা গুলি ছোড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় পুলিশ-জনতার সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল রোববার উত্তেজিত জনতা থানা ঘেরাও করলে পুলিশ ৩০টি ফাঁকা গুলি ছোড়ে। দুপুরে রামখানা ইউপির পরাজিত প্রার্থী মাহফুজার রহমান মণ্ডলের সমর্থকেরা নির্বাচন বাতিলের দাবিতে মিছিল নিয়ে শহরে ঢুকলে এ ঘটনা ঘটে।থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহফুজার রহমান মণ্ডলের সমর্থকেরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকায় এলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। মিছিলকারীরা দৌড়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আশ্রয় নেন। এ সময় চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে পুলিশ মারধর শুরু করে। মারধর ঠেকাতে গিয়ে উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে এলাকাবাসী মিছিল নিয়ে বের হন এবং থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও জনতার সংঘর্ষে মেয়র আবদুর রহমানসহ ৪০ জন আহত হন। পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশের লাঠিপেটার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।নাটোর: শনিবার রাতে সদর উপজেলার দিঘাপতিয়া, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ও বাগাতিপাড়ার পাঁকা ইউপি নির্বাচনে সহিংসতায় ৪০ জন আহত হয়েছে। ভোট গণনা শেষে দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল কেন্দ্রে ইউপি সদস্য পদের প্রার্থী আবদুস সাত্তার আট ভোটের ব্যবধানে জয়ী হন। প্রত্যক্ষদর্শী আবদুল মজিদ জানান, এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সুনীল কুমার নামের এক প্রার্থীকে জয়ী ঘোষণার জন্য চাপ দেন। এ সময় পুনরায় ভোট গণনা করা হলেও প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে উপজেলা পরিষদে চলে যান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করলে ধরাইল ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যরা ও সুনীল কুমারের সমর্থকেরা আবদুস সাত্তারের সমর্থকদের ওপর হামলা চালান। এতে ৩০ জন আহত হন। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিতাই কুমার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, এটা অপপ্রচার।একই দিন দুপুরে দিঘাপতিয়া ইউনিয়নের করোটা গ্রামে সদস্য পদের আবদুস সালামের সমর্থকদের হাতে মোফাজ্জল হোসেন নামের এক সদস্য প্রার্থী মারধরের শিকার হন। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় মোফাজ্জল হোসেন আত্মগোপনে রয়েছেন। মোফাজ্জল হোসেন মুঠোফোনে এসব অভিযোগ করেছেন।শনিবার রাতে ভোট গণনা শেষে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হয়বতপুর, খোলাবাড়িয়া ও দরাপপুর কেন্দ্রে এক প্রধান শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। কুষ্টিয়া: শনিবার রাত দেড়টার দিকে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ফজলুর রহমানের (৩২) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।