এ বছর অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭০০ কোটি (১৭ বিলিয়ন) ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সের ওপর ভর করেই রিজার্ভ এই উচ্চতায় পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার মজুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পৌঁছেছে দ্বিতীয় অবস্থানে।
বিশ্বব্যাংকের হিসাবে, বিশ্বে প্রবাসী-আয়ের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। তবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় প্রবাসীরা উদ্বিগ্ন। দেশের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তাঁরা। এই বাস্তবতার মধ্যে আজ ১৮ ডিসেম্বর বুধবার সারা পৃথিবীর মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। বাংলাদেশে এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অভিবাসীদের অবদান, সমুন্নত দেশের মান’। দিনটি উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলায় এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স—দুই দিক থেকেই অতীতের সব রেকর্ড ভেঙেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের চেয়ে এই সরকারের সময়ে প্রায় ১১ লাখ বেশি কর্মী বিদেশে গেছেন। প্রবাসী-আয় বেড়েছে ২১১ শতাংশ। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থরক্ষায় সরকার সব সময় আন্তরিক।
প্রবাসীরা বলছেন, তাঁরা দেশের উন্নয়ন চান। রাজনৈতিক হানাহানি দেখতে চান না। সৌদিপ্রবাসী বাংলাদেশি চিকিৎসক আরিফুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবে অবস্থানরত প্রায় ২০ লাখ বাংলাদেশি দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন। ১৯৭১ সালের শত্রুদের যেন আমরা আবার দেখতে পাচ্ছি বাংলার গ্রামে-গঞ্জে। তারা মানুষকে পুড়িয়ে মারছে। মনে হচ্ছে যেন পুরো দেশটাকেই তারা পুড়িয়ে শেষ করতে চায়। সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এই পরিস্থিতিতে আমরা সবাই চরম উদ্বিগ্ন। আমরা চাই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক। সরকার ও বিরোধী দল মিলে যেন একটা সমাধান করে।’ অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক মোবাশ্বার হাসান বলেন, ‘মনটা সব সময় পড়ে থাকে বাংলাদেশে। দুশ্চিন্তায় থাকি। অনলাইনে দেশের খবর রাখি। দেশে যেভাবে মানুষ মারা যাচ্ছে, সব সময় দুশ্চিন্তায় থাকি, আমার পরিবারের সবাই সুস্থ আছে কি না। প্রতিদিন রাতে ঘুমাতে যাই প্রবল একটা স্বপ্ন নিয়ে যে দেশে সরকার ও বিরোধী দলের মধ্যে একটা সমঝোতা হবে। শান্তি ফিরবে।’
মালয়েশিয়াপ্রবাসী চাঁদপুরের রিয়াজ রায়হান, ঢাকার নবাবগঞ্জের আলিনুর সরকার, রাজশাহীর রাশেদুর রহমান জানতে চান, দেশে যে খুনোখুনির রাজনীতি শুরু হয়েছে, তার শেষ কবে হবে? তাঁরা বলেন, অন্যান্য দেশের লোকেরা জানতে চান আমাদের দেশে এত অশান্তি কেন? তখন খুব খারাপ লাগে।
কাতারপ্রবাসী চট্টগ্রামের সালাউদ্দিন বলেন, ‘বিদেশে থাকলেও রাতে আমরা সবাই মিলে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখি। দেশের পরিস্থিতিতে আমরা সবাই উদ্বিগ্ন।’ দুবাইয়ের একটি মার্কেটের দোকানদার রাসেল সরকার বলেন, ‘আমরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠাই। দেশ থেকে ভালো খবর পেতে চাই। আমরা চাই সহিংসতার রাজনীতি শেষ হোক। দেশের সবাই শান্তিতে থাকুক।’