সহিংসতায় কানাডার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বিগ্ন কানাডা। দেশটি মনে করে, চলমান রাজনৈতিক বিরোধ মেটাতে বাংলাদেশের সরকার ও বিরোধী দলকে অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপে বসা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সেটিও নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে হিদার ক্রুডেন বলেন, ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বেড়ে যাওয়ায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক বিক্ষোভের সময় নিহত লোকজনের পরিবার ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি বলেন, এ অস্থিরতার জন্য বাংলাদেশের জনগণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও গণতন্ত্রকে অনেক মূল্য দিতে হচ্ছে।