সহিংসতায় কূটনীতিকদের উদ্বেগ, সংলাপের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বিদেশি কূটনীতিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে চলমান সংকট কাটাতে তাঁরা সংলাপের ওপর তাগিদ দিয়েছেন। সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে কূটনীতিকেরা এই অভিমত দেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, সংলাপ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বিস্তারিত জানিয়েছেন। দুই পক্ষ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলেছে। বাংলাদেশের মানুষও সংলাপের মাধ্যমে সমাধান দেখতে চায়। তিনি বলেন, ‘আলোচনার এখনো সুযোগ রয়েছে। আমি আশা করি, আলোচনার সুযোগ কাজে লাগানো হবে।’
বেলা সোয়া তিনটা থেকে প্রায় এক ঘণ্টা ধরে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ের শুরুতে ১৮ দলের ডাকা হরতালে যেসব সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে তা জানিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। এরপর দীপু মনি একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া ব্রিফিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমামও বক্তব্য দেন।
ব্রিফিংয়ে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চীন, জাপান, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।