সহিংসতায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত থাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত তাণ্ডবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।পঞ্চগড়, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকার স্থানীয় সরকার প্রতিনিধিরা তাণ্ডবের সময় নিজেদের গাড়ি ও অফিস ব্যবহারের সুযোগ দিয়েছেন।এই প্রেক্ষাপটে গত কয়েক দিনের সহিংসতার সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে গতকাল সোমবার সব জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য ও সুপারিশ চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবু তাহের মুহাম্মদ জাবের ওই চিঠিতে সই করেন।চিঠিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদন পাঠানোর সময় বেঁধে দেওয়া হয়েছে ১০ দিন।জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ গতকাল প্রথম আলোকে বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষের জানমাল রক্ষা করা, তাদের নিরাপদ স্থানে রাখা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিন্তু কিছু জনপ্রতিনিধি তা না করে তাণ্ডবকারীদের উসকে দিয়েছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন তাঁরা দায়িত্বের প্রতি অবিচল থাকেন, সে জন্যই মদদদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।চিঠিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের কারও কারও সম্পৃক্ততা, উসকানি ও মদদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কার্যকলাপ স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সরকারের ভাবমূর্তির জন্য হানিকর এবং জনস্বার্থবিরোধী।সূত্রমতে, স্থানীয় সরকার বিভাগে পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার পাঠানো চিঠিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক ৮ মার্চ সকাল সাড়ে আটটায় তাঁর ব্যবহূত সরকারি গাড়িতে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজে নিজ বাসভবন থেকে পঞ্চগড় থানার চাকলাহাটে যান। সকাল নয়টার দিকে চাকলাহাটের পশ্চিম পাশে ব্রিজের কাছাকাছি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পঞ্চগড় থানার পুলিশ সরকারি গাড়িসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়িটি এখনো থানায় সংরক্ষণ করা হচ্ছে।জানতে চাইলে আবদুল খালেক গতকাল প্রথম আলোকে বলেন, ‘দলীয় কাজে নয়। আমি ইছালে সওয়াবের এক দোয়া মাহফিলে যোগ দিতে গিয়েছিলাম। আমি কাউকে উসকানি বা মদদ দিইনি। সম্পূর্ণ বেআইনিভাবে জিপ গাড়িটি জব্দ করে রাখা হয়েছে।’