সহিংসতায় জড়িত ২৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ধারাবাহিক সহিংসতা এবং নাশকতার পেছনে জামায়াত-শিবিরের ২৫০ জন নেতা-কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাঁদের মধ্যে রাস্তায় থেকে নেতৃত্ব দেন ৫০ থেকে ৭০ জন। তাঁদের পুলিশ চিহ্নিত করেছে।
এদিকে সহিংসতার মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ জন্য আওয়ামী লীগ পুলিশকে দুষছে। অন্যদিকে পুলিশের অভিযোগ, তারা সরকারি দলের সহযোগিতা পাচ্ছে না।
জানা যায়, সাতকানিয়ার ধারাবাহিক সহিংসতার ঘটনায় পুলিশ যাঁদের চিহ্নিত করেছে তাঁদের সবাই ১০ থেকে ১৫ মামলার আসামি। ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর থেকে এখানে ধারাবাহিকভাবে সহিংসতা হচ্ছে।
পুলিশ জানায়, এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় থানায় গত শুক্রবার পর্যন্ত মামলা হয়েছে ৩৪টি। এসব মামলায় ৭১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি ১২ হাজারের বেশি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভির দোকান থেকে ঠাকুরদীঘি অংশে তাণ্ডবের জন্য মূলত তিনজনকে দায়ী করে আসছে পুলিশ ও আওয়ামী লীগ। পুলিশ বলছে, এর পেছনে নাশকতা পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি মো. শাহাদাত। কিন্তু তাঁদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঞা বলেন, ‘সাতকানিয়ায় নাশকতার সঙ্গে আনুমানিক ২৫০ জন জড়িত। সরাসরি যাঁরা মাঠে থেকে নাশকতা করে তাঁদের সংখ্যা আরও কম। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন তাঁরা এলাকায় প্রকাশ্যে নেই। এখন শুধু চোরাগোপ্তা হামলা করছে।’
জানা গেছে, এজাহারনামীয় আসামির মধ্যে উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজ, সেক্রেটারি মোজাফ্ফর আহমদ, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাতকানিয়ার সাংসদ আ ম ম শামসুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন। তাঁদের মধ্যে জাফর সাদেক ও মোজাফ্ফর গ্রেপ্তার হয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের বাইরে পশ্চিম সাতকানিয়ার কাঞ্চনা, চরতি, এওচিয়া ও মাদার্শা ইউনিয়ন এবং সাতকানিয়া-বাঁশখালী সড়কের দেওদীঘি, এওচিয়ার টেক, শান্তির টেক, জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, পাক্কার দোকান, চূড়ামণিসহ পাশের এলাকাগুলো সহিংসতাপ্রবণ। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, কাঞ্চনায় বশর, মাবুদ, শেখ আহমদ ও দাড়ি কামাল, দেওদীঘি এলাকায় শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম, রহিম ও কল্লা নাছির, আনু ফকির দোকান এলাকায় জিসান, রামপুর এলাকায় হাছান মুরাদ রাস্তায় থেকে নেতৃত্ব দেন। এ ছাড়া সাতকানিয়া ইউনিয়ন এলাকায় সেলিম, কুতুব ও মধুবন মান্নান নাশকতার সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। চরতি ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম এবং কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির আবু তাহেরের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘কিছু চিহ্নিত নাশকতাকারীকে গ্রেপ্তার করলে পরিস্থিতি পাল্টে যাবে। তাদের নাকি পুলিশ পাচ্ছে না।’ তবে পুলিশের দাবি, তারা গত ১০ মাসে ৪০ জন এজাহারনামীয় এবং শতাধিক অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নিয়ামত উল্লাহ বলেন, ‘আমরা এখানে কারও কোনো সহযোগিতা পাচ্ছি না। কোনো দল থেকে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে না। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।’