সহিংসতায় ঝলসে গেলেন দুই জেলে
মাছ ধরে বিক্রি করে চলে তাঁদের সংসার। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে মাছ বিক্রির জন্য কয়েকজন জেলের সঙ্গে একটি অটোরিকশায় নেত্রকোনা শহরে যাচ্ছিলেন। শহরের আখড়ার মোড়ে পৌঁছালে হঠাৎ দুই দুর্বৃত্ত পেট্রলজাতীয় দাহ্য পদার্থ তাঁদের অটোরিকশার ভেতরে ছুড়ে পালিয়ে যায়। এতে আগুন ধরে গেলে ওই দুই জেলে অগ্নিদগ্ধ হন। গতকাল বিএনপির ডাকা হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।এঁরা হলেন সদর উপজেলার উলুয়াটি গ্রামের মোস্তু মিয়া (৩৫) ও সালজান গ্রামের আবদুল হামিদ (৪০)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশার যাত্রী সিদ্দিক মিয়া বলেন, ‘দুজন লোক হঠাৎ আগুনের মতো কী একটা গাড়ির মধ্যে ঢিল দিয়া তাড়াতাড়ি চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁদের গায়ে আগুন লেগে যায়। দ্রুত তাঁরা রাস্তার পাশের ড্রেনের মধ্যে গিয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে আসি। আজ (মঙ্গলবার) হরতাল আমরা জানতাম না। হরতাল আমরা চাই না।’নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল সরকার জানান, আহত ব্যক্তিদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।